Myesterious Death

বারুইপুরে মদের আসরে দু'জনের রহস্যমৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন আরও এক, তদন্তে পুলিশ

পরিবারের দাবি, মদের বোতলের পাশে আরও একটি বোতল রাখা ছিল। সেটিতে জল রয়েছে ভেবে তিন জনই ওই বোতল থেকে তরল পান করেছিলেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০০

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মদ পান করে দু’জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। অসুস্থ আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার বারুইপুরের বহড়ু শানপুকুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহড়ু শানপুকুর এলাকায় বুবাই হালদারের পোল্ট্রি ফার্মে বৃহস্পতিবার দুপুরে মদের আসর বসেছিল। সেখানে বুবাইয়ের সঙ্গে মদ‍্যপান করছিলেন সাকাত শেখ ও নাসির শেখ। কিছুক্ষণ পরেই তিন জনই অসুস্থ হয়ে পড়েন।

তাঁদের উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বুবাইয়ের (৩২) মৃত্যু হয়। অন্য দিকে, সাকাত ও নাসিরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সাকাতেরও (৫২) মৃত্যু হয়। নাসির এখনও হাসপাতালে চিকিৎসাধীন বলে মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

মৃত ও অসুস্থদের পরিবারের দাবি, মদের বোতলের পাশে আরও একটি বোতল রাখা ছিল। সেটিতে জল রয়েছে ভেবে তিন জনই ওই বোতল থেকে তরল পান করেছিলেন। তার পরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সন্দেহ, ওই বোতলে কোনও রাসায়নিক বা অন্য কোনও পদার্থ মেশানো থাকতে পারে।

বুবাইয়ের পরিবারের অভিযোগ, পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে তাঁকে সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা দেওয়া হলে হয়তো তাঁকে বাঁচানো সম্ভব হত।

তবে ওই বোতলে আসলে কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। মদ পান করার পরেই কেন তিন জন অসুস্থ হয়ে পড়লেন, এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share