Weather Update

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, উইকেন্ডে বৃষ্টি কমার সম্ভাবনা

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:১০

বর্ষার দাপট এখনও অব্যাহত। নিম্নচাপের প্রভাবে শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সপ্তাহান্তে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে সরে নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। পাশাপাশি হরিয়ানা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলির দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। তবে সব জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার থেকে আরও কমবে বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গেও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

শনিবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। বাকি জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ফের কমতে পারে।

কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার থেকে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি কম থাকলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। সেই সঙ্গে সামান্য তাপমাত্রাও বাড়তে পারে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৪০.৭ মিলিমিটার।

এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।


Share