Sumit Roy Arrested

জমি দুর্নীতি মামলায় গ্রেফতার অভিষেকের আপ্তসহায়ক, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠতেই সুমিত রায়কে পাকড়াও করল সিআইডি

এ দিন সিআইডির আধিকারিকেরা কালীঘাটের বাড়িতে পৌঁছোলে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছু ক্ষণ নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা চলে। তার পরে গেট খোলা হয়। গেট খুলতেই সুমিতকে দেখতে পায় পুলিশ।

রক্ষাকবচ উঠতেই গ্রেফতার সুমিত রায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩১

গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে সুমিত রায়কে গ্রেফতার করা হয়েছে। এ দিন সুপ্রিম কোর্ট সুমিত রায়ের আগাম জামিন খারিজ করে দিয়েছে। রক্ষাকবচ তুলে নিয়েছে। শীর্ষ আদালতের রায় আসতেই সিআইডি সুমিতকে গ্রেফতার করেছে।

এ দিন সিআইডির আধিকারিকেরা কালীঘাটের বাড়িতে পৌঁছোলে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছু ক্ষণ নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা চলে। তার পরে গেট খোলা হয়। গেট খুলতেই সুমিতকে দেখতে পায় পুলিশ। তাঁর পরনে সাদা শার্ট এবং কালো ট্রাউজার ছিল। পালাতে যাতে না পারে তার পুলিশ তাঁকে ‍ঘিরে ফেলে। এর পরে সুমিতকে পাকড়াও করে গাড়িতে তুলে ভবানী ভবনের দিকে নিয়ে যাওয়া হয়।

পশ্চিম মেদিনীপুরে সরকারি জমি দুর্নীতি মামলায় অন‍্যতম অভিযুক্ত মূল অভিযুক্ত এই সুমিত রায়। তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন। এই মামলায় প্রথমে রক্ষাকবচ দিয়েছিল। এই মামলায় ৮৮ ঘন্টা জেরা করা হয় সুমিতকে। বৃহস্পতিবার এই মামলাটি ওঠে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। প্রধান বিচারপতির বেঞ্চ আগাম জামিনের আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে। ফলে রক্ষাকবচ উঠে গিয়েছে। ফলে সুমিত রায়কে গ্রেফতার করতে আর বাধা না থাকায় তাঁকে গ্রেফতার করা হল। এ দিন প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, সুমিত রায়কে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করেননি।

বুধবার রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর দাবি, গত জুনে সুমিতের অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়ে। সব মিলিয়ে অভিষেকের আপ্তসহায়কের অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকা জমা হয়েছে বলে তিনি আদালতে জানান। এই বিপুল টাকার উৎস নিয়েই তদন্তকারীদের সন্দেহ রয়েছে। তাই সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে বলে জানান তুষার মেহতা। সুমিত যে তদন্তে অসহযোগিতা করেছেন, তার রেকর্ডও আদালতকে রাজ্য সরকার দেখাতে চেয়েছিল।

তাঁকে গ্রেফতার করে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে। জমি দুর্নীতি মামলায় তাঁকে শালবনি নিয়ে যাওয়া হবে। মেডিকেল পরীক্ষার পরে মেদিনীপুর আদালতে হাজির করানো হবে।


Share