Weather Update

পুজোর আগে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি, বাড়তে পারে দক্ষিণবঙ্গের বৃষ্টি

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবারই নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভবনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৫

পুজোর আগে ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে বৃহস্পতিবারই নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ তৈরি হলে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। জম্মু, দেরাদুন, পন্থনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া এবং দিঘার উপর দিয়ে অক্ষরেখাটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় তুলনামূলক বেশি সতর্কতা রয়েছে।

এর মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই দুই জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে কলকাতায় আপাতত বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই। বৃহস্পতিবার সকাল থেকে শহরের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। রোদের দেখা মিললেও মাঝে মধ্যে আকাশ মেঘলা হতে পারে। দিনের কোনও এক সময়ে এক-দু’পশলা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গ থেকে এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না বর্ষা। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হলে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিস্থিতি আরও বদলাতে পারে।


Share