Kolkata Municipal Corporation

ডিলিমিটেশন নিয়ে সর্বদলীয় বৈঠকে ছেড়ে বেরিয়ে গেলেন পুর কমিশনার, সরব বিরোধীরা

বৃহস্পতিবার পুরসভায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি, কালীঘাটপন্থী তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের প্রতিনিধিরা। বৈঠকের শুরু থেকেই পুর কমিশনার স্মিতা পাণ্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

পুর কমিশনার স্মিতা পান্ডে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৩

কলকাতা পুরসভায় ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে আয়োজিত সর্বদলীয় বৈঠক ঘিরে তৈরি হল বিতর্ক। বৃহস্পতিবার পুরসভায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি, কালীঘাটপন্থী তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের প্রতিনিধিরা। বৈঠকের শুরু থেকেই পুর কমিশনার স্মিতা পাণ্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলির অভিযোগ, নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে সভায় পৌঁছোন পুর কমিশনার। তাঁদের আরও অভিযোগ, বৈঠক চলাকালীন আচমকাই সভা ছেড়ে বেরিয়ে যান স্মিতা পাণ্ডে। বিষয়টি নিয়ে বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলির মধ্যে অসন্তোষ তৈরি হয়।

ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়েও প্রথম থেকেই বিরোধী দলগুলি পুর কমিশনারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, শুরু থেকেই ডিলিমিটেশন সংক্রান্ত কাজ নিয়ম মেনে করা হচ্ছে না। সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় না রেখে শুধুমাত্র শাসক দলের সুবিধার জন্য পুর কমিশনারকে ব্যবহার করে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

কংগ্রেসের তরফে বৈঠক নিয়ে আরও তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। দলের অভিযোগ, দুপুর তিনটের বৈঠক শুরু হয়েছে প্রায় চারটে নাগাদ। কংগ্রেসের দাবি, এই বৈঠক আসলে ‘আই ওয়াশ’ ছাড়া আর কিছুই নয়। সমস্ত রাজনৈতিক দলকে কার্যত ‘তামাশা দেখানোর জন্য’ ডাকা হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেছে। বিরোধীদের বক্তব্য, ডিলিমিটেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলির মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে এই প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন তৈরি হচ্ছে, তা আরও বাড়ছে।

যদিও বৈঠক চলাকালীন কেন তাঁকে বেরিয়ে যেতে হয়েছিল, তার ব্যাখ্যা দিয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক শেষ করে বেরিয়ে যাওয়ার পর তিনি ফের পুরসভায় ফিরে আসেন। স্মিতা পাণ্ডের বক্তব্য, আদালতে একটি শুনানি চলছিল। সেই কারণেই বৈঠক শেষ করে তাঁকে বেরিয়ে যেতে হয়েছিল।

পুর কমিশনারের এই ব্যাখ্যার পরও অবশ্য ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলির ক্ষোভ পুরোপুরি কাটেনি। ফলে কলকাতা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পুনর্বিন্যাসের এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।


Share