Arrested TMC Leader

তোলাবাজি-প্রতারণার অভিযোগে গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান বরুণ নট্ট, প্রোমোটারের অভিযোগের ভিত্তিতে ধৃত আরও দু’জন

নয়নাশিস দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পর্ণা দাসের ছেলে। শুক্রবার ধৃত তিনজনকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দমদম
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৪

তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদমের প্রাক্তন উপপুরপ্রধান (ভাইস চেয়ারম্যান) বরুণ নট্টকে গ্রেফতার করল পুলিশ। একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত নয়নাশিস দাস ওরফে জনি এবং সুমন্ত ঘোষ ওরফে লাল্টুকেও। নয়নাশিস দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পর্ণা দাসের ছেলে। শুক্রবার ধৃত তিনজনকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দমদম থানায় তোলাবাজি ও প্রতারণার অভিযোগে প্রোমোটার সুজয় মজুমদার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর বৃহস্পতিবার রাতেই বরুণ-সহ তিনজনকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ধৃতদের ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে। তোলাবাজির ঘটনায় বরুণদের সরাসরি যোগ রয়েছে কি না, এর নেপথ্যে আরও কারা জড়িত, প্রতারণার মাধ্যমে আর্থিক লেনদেন হয়ে থাকলে তার পদ্ধতিই বা কী এই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখতে চাইছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ গিয়ে ওই প্রোমোটার তোলাবাজির অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ জানানোর মাত্র দু’দিনের মধ্যেই দমদমের প্রাক্তন উপপুরপ্রধান তথা তৃণমূল নেতা বরুণ-সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


Share