Child Recovery

বিদেশে চাকরির টোপ, ইনস্টাগ্রামে ফাঁদ! নিউ মার্কেটের হোটেল থেকে উদ্ধার জগৎবল্লভপুরের ছাত্রী

পরিবারের কাছে ফোন করে তিন লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে মেয়েটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ পরিবারের।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৩

বিদেশ ভ্রমণ ও চাকরির প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে অপহরণ করল দুষ্কৃতীরা। নিউমার্কেটে একটি হোটেলের ঘর থেকে পুলিশ তাকে উদ্ধার করে। বিদেশে পড়াশোনা ও চাকরির টোপ দিয়ে সমাজমাধ্যমে তার সাথে দুষ্কৃতীদের পরিচয়। সেই সূত্রেই হাওড়ার জগৎবল্লভপুরের একাদশ শ্রেণির এক ছাত্রীকে কলকাতায় ডেকে এনে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। পরিবারের কাছে ফোন করে তিন লক্ষ টাকা মুক্তিপণও চাওয়া হয়। বুধবার রাতে নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেল থেকে ওই নাবালিকাকে উদ্ধার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইনস্টাগ্রামের মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্তরা যোগাযোগ তৈরি করে। বিদেশে নিয়ে গিয়ে পড়াশোনা করানো এবং চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা তাকে বলা হয়। সেই প্রস্তাবে রাজি হয়ে গত ৭ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয় শঙ্করহাটি-২ এলাকার একাদশ শ্রেণির ওই ছাত্রী। সঙ্গে আধার কার্ড-সহ প্রয়োজনীয় বেশ কিছু নথিও সে নিয়ে যায়। তারপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরিবারের দাবি, বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় কয়েক জন বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করে সে। তারপর বাসে চেপে ধর্মতলায় পৌঁছোয়। সেখানে যাওয়ার আগেই অভিযুক্তেরা নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ঘর ভাড়া করে রেখেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। ছাত্রীটি ওই হোটেলেই ওঠে। অভিযোগ, সেখানে যাওয়ার পর তাকে আটকে রাখা হয়।

এরই মধ্যে পরিবারের কাছে ফোন করে তিন লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে মেয়েটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ পরিবারের। মেয়েকে খুঁজে না পেয়ে ৭ সেপ্টেম্বরই পরিবারের তরফে জগৎবল্লভপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

মুক্তিপণ চেয়ে ফোন আসার পর তদন্তে নামে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। তদন্তে নামে জেলা পুলিশের সাইবার সেল, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং পদস্থ পুলিশ আধিকারিকদের একটি দল। পরিবারের ফোনে আসা তথ্যের সূত্র ধরে অভিযুক্তদের গতিবিধির উপর নজর রাখা শুরু হয়। সেখান থেকেই পুলিশ জানতে পারে, নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে ছাত্রীটি একাই রয়েছে।

বুধবার রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে ছাত্রীটিকে পুলিশ উদ্ধার করে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার পিছনে একটি আন্তঃরাজ্য অপরাধচক্র রয়েছে। বিহার, পশ্চিম উত্তরপ্রদেশ অথবা হরিয়ানা থেকে ওই চক্রটি অপহরণ-সহ বিভিন্ন অপরাধ চালায় বলে সন্দেহ তদন্তকারীদের।

অপহরণ, মুক্তিপণ দাবি এবং খুনের হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার অমিত বর্মা জানিয়েছেন, ছাত্রীটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারের পর বৃহস্পতিবার ওই নাবালিকাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হয়। মেয়েকে ফিরে পেয়ে আপাতত স্বস্তিতে পরিবার।


Share