Election Commission

রাজনৈতিক দল নয়, এবার মাঠে শুধু বিএলও! কিউআর কোডসহ ভোটার স্লিপ বিতরণে নতুন নিয়ম কমিশনের

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, মোট ১৫২টি কেন্দ্রে। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে স্লিপ বিতরণের কাজ সম্পূর্ণ করতে হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১১:৫৬

প্রথম দফার ভোটকে সামনে রেখে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস) বিতরণ নিয়ে কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। আগেই স্পষ্ট করা হয়েছিল, এ বার আর কোনও রাজনৈতিক দল নয় স্লিপ বিলির দায়িত্ব থাকবে শুধুমাত্র বুথ লেভেল অফিসারদের (বিএলও) উপরেই। বুধবার কমিশন জানায়, আগামী শনিবারের মধ্যেই প্রথম দফার সমস্ত ভোটার স্লিপ বিলি শেষ করতে হবে। অর্থাৎ ভোটগ্রহণের অন্তত পাঁচ দিন আগে প্রতিটি ভোটারের হাতে এই স্লিপ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে বিএলও-দের।

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, মোট ১৫২টি কেন্দ্রে। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে স্লিপ বিতরণের কাজ সম্পূর্ণ করতে হবে।

সাধারণত ভোটার স্লিপ বিলির দায়িত্ব বিএলও-দের হলেও বহু ক্ষেত্রে দেখা যেত রাজনৈতিক দলগুলিই এই কাজ করত। এমনকি অভিযোগ উঠেছে, কিছু ক্ষেত্রে এই স্লিপকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে। সেই কারণেই এ বার এই দায়িত্ব কঠোরভাবে বিএলও-দের হাতে তুলে দিয়েছে কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, বিএলও ছাড়া অন্য কেউ বেআইনি ভাবে এই স্লিপ রাখলে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নতুন স্লিপগুলিতে থাকছে বিশেষ কিউআর কোড, যার মাধ্যমে সহজেই ভোটারের তথ্য যাচাই করা যাবে। স্থানীয় ভাষায় ছাপা এই স্লিপে থাকবে ভোটারের নাম-সহ অন্যান্য তথ্য, ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ ও সময়, এমনকি বুথের মানচিত্রও। পাশাপাশি, ভোটদানের সময় কী করা উচিত এবং কী করা উচিত নয়, সে সম্পর্কেও স্পষ্ট নির্দেশ থাকবে এতে।

যদিও রাজনৈতিক দলগুলি সরাসরি স্লিপ বিলি করতে পারবে না, তবে প্রার্থী বা তাঁদের প্রতিনিধিরা বিএলও-দের সঙ্গে থেকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


Share