Accident

রোহিণীতে ভয়াবহ আগুন, গুদাম থেকে ছড়িয়ে ঝুপড়িতে, একই পরিবারের তিন জনের মৃত্যু

খবর অনুযায়ী, রাত প্রায় দেড়টা নাগাদ উত্তর দিল্লির রোহিণীর সেক্টর ১৬-তে একটি গুদামে আগুন লাগে। সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন পাশের ঝুপড়িগুলিতে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
নিজস্ব সংবাদদাতা, রোহিণী
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০৪:৩৩

বুধবার ভোররাতে রোহিণী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাঙ্গেরাম পার্কের একটি ঝুপড়ি বস্তিতে আগুন লাগে বলে জানা গিয়েছে। এই ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে স্বামী, স্ত্রী এবং তাঁদের ছোট কন্যা।

খবর অনুযায়ী, রাত প্রায় দেড়টা নাগাদ উত্তর দিল্লির রোহিণীর সেক্টর ১৬-তে একটি গুদামে আগুন লাগে। সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন পাশের ঝুপড়িগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ছ’টি ইঞ্জিন। তবে সঙ্কীর্ণ গলির কারণে দমকলকর্মীদের ভিতরে ঢুকতে বেশ বেগ পেতে হয়।

দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গুদাম ও একাধিক ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ভয়াবহ আগুনে প্রাণ হারান ওই ঝুপড়িবাসী পরিবারের তিন সদস্য। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় ৪০০ বর্গফুট জায়গাজুড়ে প্লাস্টিকের স্ক্র্যাপ বা আবর্জনা জমা করে রাখা হয়েছিল এবং সেই জায়গাতেই তৈরি হয়েছিল একাধিক ঝুপড়ি। অনুমান করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত।

প্রশাসন জানিয়েছে, সরু গলি ও ঘনবসতির কারণে দমকল বাহিনীর কাজ ব্যাহত হয়। বড় ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে না পারায় আগুন নেভাতে সময় লাগে। ঘটনাস্থলে দমকল বিভাগ, স্থানীয় পুলিশ, ট্রমা সার্ভিস এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছেন। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত শুরু হয়েছে।


Share