Accident

সিঁড়ি থেকে পড়ে গিয়ে বিপত্তি, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের, তদন্তে পুলিশ

মৃত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের নাম কনক কোচ। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ঘটনাটি ঘটেছে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ফলতা
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১০:৪১

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস‍্যমৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সিঁড়ি থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের নাম কনক কোচ। তিনি অসমের বাসিন্দা ছিলেন। কনক আইটিবিপিতে ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে খবর, দোস্তিপুর হাইস্কুলে আইটিবিপি-র মোট ৮৬ জন জওয়ান রয়েছেন। তাঁরা নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব সামলাতে এসেছেন। মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া সেরে সকলেই ঘুমিয়ে পড়েন। মাঝে এক জওয়ান শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বেরোন। তিনিই কনককে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

তড়িঘড়ি সেখানে থাকা অন্য জওয়ানেরা তাঁকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরারা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।


Share