Weather Update

পয়লা বৈশাখে বৃষ্টিপাতের সম্ভাবনা! সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া

ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অসম থেকে তামিলনাড়ু পর্যন্ত উত্তর ও দক্ষিণ অক্ষরেখা। এই অক্ষরেখা ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আগামী কয়েক দিন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১১:০৯

বৈশাখের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পশ্চিমের জেলাগুলিতে, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমের বেশ কিছু জেলাতে অর্থাৎ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ও বৃষ্টি বাড়বে আজ, বুধবার থেকে। দাবদাহ বাড়বে। রাজ্যে গরম ও অস্বস্তির সতর্কবার্তা রয়েছে। এ সপ্তাহে শুষ্ক আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ঝড়বৃষ্টিতে শুক্রবার সাময়িক কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু গরম ও শুষ্ক আবহাওয়ার সতর্কবার্তা চলবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস ৷

ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অসম থেকে তামিলনাড়ু পর্যন্ত উত্তর ও দক্ষিণ অক্ষরেখা। এই অক্ষরেখা ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আগামী কয়েক দিন।

দক্ষিণবঙ্গে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা বাড়বে এবং ক্রমশ গরম ও অস্বস্তি বাড়বে। শুষ্ক আবহাওয়ায় গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি। ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরো বাড়তে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। কলকাতায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রিতে পৌঁছবে সর্বোচ্চ তাপমাত্রা।

পয়লা বৈশাখে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। বুধবার থেকে শুক্রবার বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হওয়া বইবে। পশ্চিমের জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। বৃহস্পতি এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। ঝড়বৃষ্টিতে শুক্রবার সামান্য তাপমাত্রা কমলেও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের অংশে অব্যাহত থাকবে গরম ও অস্বস্তি।

উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী ৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টি হতে পারে মালদহ ও দুই দিনাজপুরেও। পয়লা বৈশাখ বুধবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে; তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দুই-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা-সহ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতি ও শুক্রবার কিঞ্চিৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। আরও ১/২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ, বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। পরে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। বৈশাখে গরম ও অস্বস্তি আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টিতে শুক্রবার সাময়িক স্বস্তি মিললেও গরম ও অস্বস্তি অব্যাহত থাকবে আগামী সাতদিন

কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share