Middle East Conflict

পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিস্থিতির মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর ফোনালাপ, সমাজমাধ্যমে নিজের পোস্টে ট্রাম্পকে 'আমার বন্ধু' বলে সম্মোধন প্রধানমন্ত্রীর

ইরান-আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতির পর শান্তি বৈঠকে বসেছিল দুই দেশ। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। এর পরেই ইরানের মতো হরমুজ় প্রণালী রুদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। উদ্দেশ্য ইরানের তেলবাহী জাহাজ আটকানো, যাতে ইরানের তেল বিক্রি লাভবান না হয়।

নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১২:৩৩

গত সপ্তাহেই ইরান-আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে। ইসলামাবাদে সংঘর্ষ নিয়ে ইরান ও আমেরিকা বৈঠকেও বসেছেন। তার পর এই প্রথম বার মোদী-ট্রাম্পের মধ্যে ফোনে কথা হলো। সূত্রের খবর, ফোনে মোদী ট্রাম্পকে বলেছেন, ‘আমরা সবাই আপনাকে ভালোবাসি।’ ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, ‘কিছু ক্ষণ আগেই ওঁদের কথা বলা শেষ হল। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে নিয়মিত বিভিন্ন বিষয়ে অবগত করেন। বড় কিছু বিষয় নিয়েই কথা হয়েছে তাঁদের।’ এ প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেল এ প্রধানমন্ত্রী ট্রাম্পকে তিনি ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেছেন।

ইরান-আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতির পর শান্তি বৈঠকে বসেছিল দুই দেশ। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। এর পরেই ইরানের মতো হরমুজ় প্রণালী রুদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। উদ্দেশ্য ইরানের তেলবাহী জাহাজ আটকানো, যাতে ইরানের তেল বিক্রি লাভবান না হয়। কিন্তু আমেরিকা হরমুজ় রুদ্ধ করে তাতে বাধার মুখে পড়তে পারে ভারতের তেলের জাহাজও। তাতে দেশের বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সব নিয়ে টানাপড়েনের মধ্যে মোদী এবং ট্রাম্পের ফোনে কথোপকথন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকেরা।

প্রসঙ্গত, ইরান যুদ্ধ শুরু হওয়ার পরেও একবার মোদী এবং ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছিল। সে বারও খবর মিলেছিল, ট্রাম্পই মোদীকে ফোন করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইজ়রায়েল। পরে সেই সংঘাতে যোগ দেয় আমেরিকাও। পাল্টা হামলা শুরু করে ইরান। গত তিন সপ্তাহের বেশি সময় ধরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। তেহরানের প্রত্যাঘাতের আগে ভারতের অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির মতো পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে আসত। তবে আমেরিকা এবং ইজ়রায়েলের হামলার পরে ইরান ওই প্রণালীর ‘দখল’ নেয়। তারা হুঁশিয়ারি দেয়, কোনও পণ্যবাহী জাহাজকে প্রণালী পার করতে দেওয়া হবে না। এই টানাপড়েনের প্রভাব ভারতেও পড়েছিল। সূত্রের খবর, গত বার এই বিষয় নিয়েই কথা হয়েছিল দুই রাষ্ট্রপ্রধানের।


Share