Murder Case

বারুইপুরে পুকুর থেকে বস্তাবন্দি মহিলার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি এখানে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে।

পুকুর থেকে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০৮:৫১

মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পূর্ব ধোপাগাছি এলাকায় একটি পুকুর থেকে দেহ উদ্ধার। বস্তাবন্দি অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের চোখে প্রথম ধরা পড়ে জলে ভাসতে থাকা একটি সন্দেহজনক বস্তা। যার ভিতর থেকে দু’টি পা বাইরে বেরিয়ে ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েক জন বাসিন্দা পুকুরে সাদা রঙের একটি বস্তা ভাসতে দেখেন। তাতে সন্দেহ হয়। বস্তার ভিতর থেকে দুটি পা দেখা যাচ্ছিল বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। বস্তাটি উদ্ধার করে। সেটি খুলতেই এক অজ্ঞাতপরিচয় মহিলার গলাকাটা দেহ সামনে আসে।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ঘটনাটি অন্য কোথাও ঘটানো হয়েছে। পরে দেহটি বস্তাবন্দি করে এই পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মৃতার শরীরে গলা ছাড়া অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই অনুমান করা হচ্ছে, ঘুমন্ত অবস্থাতেই খুন করা হয়ে থাকতে পারে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা, যুগল হালদার জানান, “সকালে শুনলাম পাড়ায় খুন হয়েছে। এসে দেখি পুকুরের জলে একটা বস্তা ভাসছে, তার ভিতর থেকে পা দেখা যাচ্ছে। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। আমাদের এলাকায় এর আগে এমন ঘটনা কখনও ঘটেনি।”

এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে এই খুন এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share