Road Accident

নববর্ষের সকালে জয়নগরে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত্যু দুই যুবকের, নাতির শোকে প্রাণ হারালেন ঠাকুমা

পরপর তিনটি মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকা। অভিযুক্ত গাড়িচালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১১:১০

নববর্ষের সকালেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ঘটে গেল এক পথদুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি সবজি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। নাতির মৃত্যুসংবাদ সহ্য করতে না পেরে তাঁর ঠাকুমাও প্রাণ হারালেন। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম সুভাষ মণ্ডল (৩৫) এবং বিকি মণ্ডল (২২)। তাঁরা জয়নগর থানার অন্তর্গত ব্যাজরা মলিঘাঁটি এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, বুধবার ভোরে একটি অনুষ্ঠান বাড়ি থেকে তাঁরা ফিরছিলেন।রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে তাঁরা কথা বলছিলেন। সেই সময় জয়নগরের দিক থেকে একটি সবজি বোঝাই গাড়ি আসছিল। সেই সময় হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাঁদের ধাক্কা মারে। ধাক্কার জেরে দু’জনই রাস্তার পাশে ছিটকে পড়ে যান। বিকট শব্দ শুনে আশেপাশের মানুষজন ছুটে আসে। তাঁদের উদ্ধার করে দ্রুত জয়নগর-১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে সেখানে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, নাতি বিকির মৃত্যুর খবর পৌঁছতেই তাঁর ঠাকুমা ভেঙে পড়েন। মৃতার নাম মলিনা মণ্ডল (৬০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শোকের ধাক্কা তিনি সামলাতে পারেননি। তিনি হৃদরোগে আক্রান্ত হন। অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

পরপর তিনটি মৃত্যুর ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে এলাকা। নববর্ষ উপলক্ষে পাড়ায় যে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, তা মুহূর্তে থমকে যায়। সব অনুষ্ঠানই বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার অভাব রয়েছে বলেও তাঁদের দাবি। দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জয়নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


Share