Political Clash

ভোটের উত্তাপে ‘সৌজন্যের রাজনীতি’? জয়ন্তর বাড়িতে শওকত, ‘সেটিং’ অভিযোগে সরগরম ভাঙড়

রাজ্যজুড়ে যেখানে তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তেমনই পালটা জবাব দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব।

বিজেপি প্রার্থীর বাড়িতে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা
নিজস্ব সংবাদদাতা, ভাঙড়
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১২:১১

মঙ্গলবার সকালে ভাঙড়ে ভোটের আবহে এক অদ্ভুত রাজনৈতিক ছবি সামনে এল। বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে হঠাৎই উপস্থিত হন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। শুধু সৌজন্য সাক্ষাৎই নয়, জয়ন্তর মা শওকতের মাথায় হাত রেখে আশীর্বাদও করেন। এই ঘটনার ছবি ও ভিডিয়ো দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

রাজ্যজুড়ে যেখানে তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তেমনই পালটা জবাব দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। সেই প্রেক্ষাপটে ভাঙড়ের এই ঘটনা আলাদা করে নজর কেড়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম ও আইএসএফ ‘সেটিং’-এর অভিযোগ তুলেছে। তাদের দাবি, জয়ন্ত গায়েন ও শওকত মোল্লার মধ্যে দীর্ঘদিনের পরিচয় রয়েছে। পাশাপাশি জয়ন্তর পরিবারের একাধিক সদস্য তৃণমূলের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি, বিজেপি প্রার্থী হিসেবে জয়ন্ত এখনও তেমন সক্রিয়ভাবে প্রচারেও নামেননি বলেও বিরোধীদের দাবি।

তবে এই সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন শওকত মোল্লা। তাঁর বক্তব্য, “বিজেপি প্রার্থীর মা হলেন তৃণমূলের মহিলা নেত্রী। আমার মহিলা নেত্রীর বাড়িতে আমি যাব না? আমরা মরে যাব তবুও বিজেপির সঙ্গে কোনও সেটিং করব না। এই সংস্কৃতি আমাদের নেই। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, হুমায়ুন কবীরদের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে। তৃণমূল কোনও দিন বিজেপির সঙ্গে সেটিং করবে না।”


Share