Assembly Election

স্কুলের ভিতরে শিক্ষকদের নিয়ে তৃণমূলের বৈঠক! স্কুল বন্ধ রাখার অভিযোগ, দাবি বিজেপি প্রার্থীর

সোমবার দুপুরে তৃণমূল লাভপুর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বৈঠক ডাকে, যেখানে হাইস্কুলের কিছু শিক্ষকও ছিলেন। ওই শিক্ষকদের অধিকাংশই ভোটকর্মী।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, লাভপুর
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১০:২৮

নির্বাচনী বিধি ভেঙে শিক্ষকদের নিয়ে সরকারি ভবনে বৈঠক করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শিক্ষকদের মধ্যে অনেকেই স্কুল বন্ধ রেখে ওই বৈঠকে যোগ দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। বীরভূমের লাভপুরের ফুল্লরা মন্দির সংলগ্ন উপাসনা গৃহে ঘটনাটি ঘটেছে।

সোমবার দুপুরে তৃণমূল লাভপুর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তৃণমূল বৈঠক ডাকে। যেখানে হাইস্কুলের কিছু শিক্ষকও ছিলেন বলে দাবি। ওই শিক্ষকদের অধিকাংশই ভোটকর্মী। বৈঠকে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী। খবর পেয়ে সদলবলে সেখানে পৌঁছোন লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা।

দেবাশিসের অভিযোগ, “নির্বাচনী বিধি লঙ্ঘন করে সরকারি ভবনে স্কুল বন্ধ রেখে ওই বৈঠক ডাকা হয়। কী ভাবে ভোট করতে হবে, কী ভাবে পোস্টাল ভোট দিতে হবে, তারই প্রশিক্ষণ তাঁদের দেওয়া হচ্ছিল।”

এ নিয়ে তৃণমূল নেতা তরুণ চক্রবর্তীকে একাধিক বার ফোন করা হলে তিনি ধরেননি। তবে লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, “উপাসনা গৃহটি ধর্মীয় স্থান। সেই হিসেবে শিক্ষকরা নিজেরাই বসেছিলেন। আমাদের দলের কোনও বৈঠক হয়নি। তরুণ ওখানে মন্দির কমিটির সভাপতি হিসেবে ছিলেন। বিজেপির কর্মী–সমর্থকরা স্কুল শিক্ষকদের হেনস্থা করেছেন।”

জেলা স্কুলবোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, 'স্কুল বন্ধ রেখে শিক্ষকদের রাজনৈতিক দলের বৈঠকে যোগ দেওয়া অনৈতিক। লাভপুরে কী হয়েছে খোঁজ নিয়ে দেখছি।” বিডিও শিশুতোষ প্রামাণিকের কথায়, “অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”


Share