Election Commission

কাশ্মীর থেকে কলকাতায় বুলেটপ্রুফ শক্তি! ভোটে অশান্তি রুখতে কমিশনের নজিরবিহীন নিরাপত্তা, ভবানীপুরে টহলে বিশেষ গাড়ি

কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট চলাকালীন কোথাও গুলি চলা বা পাথর ছোড়ার মতো পরিস্থিতি তৈরি হলে এই গাড়ি ব্যবহার করা হবে। এমনকি কোনও ভিআইপি অশান্তির মধ্যে আটকে পড়লেও তাঁকে নিরাপদে উদ্ধার করতে এই গাড়ি কাজে লাগানো হবে।

জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ বুলেটনিরোধক গাড়ি টহল দিচ্ছে ভবানীপুরে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১১:৩৭

পশ্চিমবঙ্গের ভোটকে ঘিরে অশান্তি রুখতে এবার বিশেষ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নিরাপত্তা জোরদার করতে জম্মু ও কাশ্মীর থেকে আনা হয়েছে বুলেটনিরোধক গাড়ি। বুধবার ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে এই বিশেষ গাড়ির উপস্থিতি নজর কাড়ে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট চলাকালীন কোথাও গুলি চলা বা পাথর ছোড়ার মতো পরিস্থিতি তৈরি হলে এই গাড়ি ব্যবহার করা হবে। এমনকি কোনও ভিআইপি অশান্তির মধ্যে আটকে পড়লেও তাঁকে নিরাপদে উদ্ধার করতে এই গাড়ি কাজে লাগানো হবে। ভবানীপুরের রাস্তায় গাড়িটির টহলদারি দেখতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায় অনেকে ছবি তুলতেও ভিড় জমান।

খাকি রঙের এই চারচাকা গাড়িটি সম্পূর্ণ বুলেটপ্রুফ, অর্থাৎ গুলির আঘাতেও সহজে ক্ষতিগ্রস্ত হবে না। সাধারণত সীমান্ত এলাকায় আধাসামরিক বাহিনী বা সিআরপিএফ এই ধরনের গাড়ি ব্যবহার করে। গাড়িটির ভিতরে একসঙ্গে আটজন কমান্ডো থাকতে পারেন, যাঁদের হাতে থাকে একে-৪৭ রাইফেল। পাশাপাশি ধোঁয়া ছড়ানোর ব্যবস্থাও রয়েছে, যা প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে কাজে লাগানো হবে। গাড়িগুলির নম্বরপ্লেটও জম্মু ও কাশ্মীরের।

ইতিমধ্যেই রাজ্যে মোতায়েন হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। পাড়া পাড়া ঘুরে চলছে রুট মার্চ, সঙ্গে রয়েছে স্থানীয় পুলিশও। বুধবার ভবানীপুরে রুট মার্চের সময় মাইকে প্রচার চালিয়ে ভোটারদের নির্ভয়ে ভোটদানে উৎসাহিত করা হয়। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘‘আপনারা সকলে সকাল সকাল ভোট দিন। নির্বাচন কমিশনের নিয়মাবলি মেনে চলুন। ভবানীপুর থানা, সিআরপিএফ এবং কমিশন সবসময় আপনাদের সঙ্গে আছে। যে কোনও সমস্যায় বা প্রয়োজনে থানায় ফোন করুন। আমরা কেবল একটি ফোনকলের দূরত্বে রয়েছি। আমরা সবরকম ভাবে সাহায্য করব।’’

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ৪ মে। তার আগে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন। এই প্রেক্ষিতেই কাশ্মীর থেকে আনা বুলেটনিরোধক গাড়ির টহল শুরু হয়েছে কলকাতায়, যা ভোটারদের নিরাপত্তা নিয়ে নতুন করে আশ্বস্ত করছে।


Share