Assembly Election

দলীয় কার্যালয়ে আইপ‍্যাকের কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের যুব নেতার বিরুদ্ধে, রক্তাক্ত অবস্থায় ভর্তি হাসপাতালে যুবক

জখম আইপ‍্যাক কর্মীর নাম পিকলু শেখ। বয়স ২৮ বছর। শহর তৃণমূল যুব কংগ্রেসের এক নেতার হাতে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন কর্মী পিকলু শেখ।

জখম আইপ‍্যাক কর্মীর নাম পিকলু শেখ।
বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১০:১২

তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ‍্যাক-এর কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দলেরই যুব নেতার বিরুদ্ধে। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগর শহরে বাসস্ট্যান্ডের পাশে থাকা জেলা পার্টি অফিসের ভিতর এ ঘটনা ঘটেছে।

জখম আইপ‍্যাক কর্মীর নাম পিকলু শেখ। বয়স ২৮ বছর। শহর তৃণমূল যুব কংগ্রেসের এক নেতার হাতে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন কর্মী পিকলু শেখ। 

নদিয়ার কৃষ্ণনগর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আইপ‍্যাক কর্মী পিকলু শেখকে আজ বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে ডেকে নিয়ে যান অভিযুক্ত দলীয় নেতা সুমন খান। তিনি ১৪ নম্বর ওয়ার্ডেরই তৃণমূলের যুব সভাপতি। তারপরেই জেলা অফিসের মধ্যেই আইপ‍্যাক কর্মীকে পিকলুকে বেধড়ক মারধর করে সুমন। 

মারাত্মক জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয় পিকলুকে। সেখানকার পুরুষদের সার্জিকাল ওয়ার্ডে ভর্তি করা হয়। তার মাথায় চার চারটি সেলাই পড়েছে। ওই আইপ‍্যাক কর্মী জানিয়েছেন, এই বিষয়টি তিনি সংস্থার উচ্চ পদাধিকারীদের জানিয়েছেন এবং সুস্থ হয়ে ফিরেই তিনি থানায় অভিযোগও জানাবেন।

বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়েছে তৃণমূলের অন্দরমহলে। তৃণমূল ছাত্র পরিষদের শহর সহ-সভাপতি ইমরান শেখ তাঁকে দেখতে এসে বিষয়টি জেনে হতভম্ব হয়ে যান। 

ইমরান শেখ বলেন, “দলকে এ বিষয়টি অবশ্যই জানানো হবে। দল দোষীর বিরুদ্ধে সঠিক ও শক্ত পদক্ষেপ নেবে বলেই মনে করি।” 


Share