Political Clash

চাঁচলে নির্বাচনী সভা থেকে তৃণমূলকে আক্রমণ রাহুল গাঁধীর, একাধিক প্রতিশ্রুতির ঘোষণা

নিজের ‘ভারত জোড়ো যাত্রা’র প্রসঙ্গ তুলে তিনি বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তিনি মানুষের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছেন।

রাহুল গাঁধী
নিজস্ব সংবাদদাতা, চাঁচল
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১২:৩৬

মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ মালদহের চাঁচলের কলম বাগান মাঠে নির্বাচনী জনসভায় পৌঁছোন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, চাঁচলের কংগ্রেস প্রার্থী আসিফ মেহেবুব, মালতীপুরের প্রার্থী মৌসম বেনজির নূর, দক্ষিণ মালদহের সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরীসহ জেলার ১২টি বিধানসভার প্রার্থীরা। ঢাকঢোল বাজিয়ে কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠে সভা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গাঁধী বলেন, দেশে কংগ্রেস লড়াই করছে আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, দেশে ঘৃণা ও ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যা দেশের ঐক্যকে দুর্বল করছে। নিজের ‘ভারত জোড়ো যাত্রা’র প্রসঙ্গ তুলে তিনি বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তিনি মানুষের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছেন।

কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সম্পদ বড় শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছেন। বিশেষ করে শিল্পপতি গৌতম আদানির নাম উল্লেখ করে তিনি দাবি করেন, বিমানবন্দর, বন্দর ও বিদ্যুৎ-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্র বেসরকারিকরণ করা হয়েছে। তাঁর কথায়, এর ফলে দেশের অর্থনীতি ও ক্ষুদ্র শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিদেশি প্রভাব বাড়ছে।

সংবিধান ও গণতন্ত্রের প্রসঙ্গ তুলে বি.আর আম্বেদকরের জন্মদিনের উল্লেখ করেন তিনি। বলেন, সংবিধান রক্ষা করা আজ অত্যন্ত জরুরি। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে তিনি জানান, কংগ্রেস ক্ষমতায় এলে তা পুনরুদ্ধার করা হবে।

এ দিনের জনসভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেন রাহুল গাঁধী। তাঁর অভিযোগ, রাজ্যে বেকারত্ব বেড়েছে, শিল্প বন্ধ হয়ে গিয়েছে এবং ‘সিন্ডিকেটরাজ’ চলছে। সাধারণ মানুষ কাজ পাচ্ছেন না বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, বিজেপিকে রুখতে তৃণমূল নয়, কংগ্রেসই প্রকৃত লড়াই দিতে পারে।

দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি সারদা চিটফান্ড, কয়লা ও পরিবহণ সংক্রান্ত একাধিক অভিযোগের কথা বলেন। তাঁর দাবি, এসব দুর্নীতির ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং শাসক দলের কিছু নেতা লাভবান হয়েছেন।

সভা থেকে একাধিক নির্বাচনী প্রতিশ্রুতিও দেন রাহুল গাঁধী। এর মধ্যে রয়েছে প্রতি পরিবারে ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা, জেলা হাসপাতালে ক্যানসার ও ডায়ালিসিসের বিনামূল্যে চিকিৎসা, কৃষকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও মহিলাদের উচ্চশিক্ষায় সহায়তা, সরকারি শূন্যপদ পূরণ এবং মহিলাদের জন্য মাসিক দু'হাজার টাকা আর্থিক সহায়তা।

শেষে তিনি কংগ্রেসকে জেতানোর আহ্বান জানান এবং বলেন, ভয় না পেয়ে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি প্রয়াত গনি খানের মৃত্যুদিনে শ্রদ্ধা জানান তিনি।


Share