TMC Political Crisis

ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে নদিয়ায় তৃণমূল নেত্রীর বাড়িতে তল্লাশি, উদ্ধার তিন কেজি সোনা, জানাল পুলিশ

তোলাবাজি মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে নিয়ে নদিয়ার করিমপুরে তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। অভিযানে প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় চার কোটি ৩৯ লক্ষ টাকা।

(বাঁ দিক থেকে) টিনা ভৌমিক সাহা এবং ধৃত তৃণমূল নেতা সব‍্যসাচী দত্ত।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ০৩:০৯

এ বার নদিয়ার তেহট্টে এক তৃণমূল নেত্রীর পৈতৃক বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সেখানে পুলিশ প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার করেছে। যার বাজারমূল্য চার কোটি টাকা। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। সোমবার গভীর রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে অভিযানে যায়। কিশোরপুর এলাকার তৃণমূল নেত্রী ও নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে পুলিশ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর চলা তল্লাশিতে তিন কেজি সোনা উদ্ধার হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় চার কোটি ৩৯ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে জানা যায়, বাড়িটি টিনা ভৌমিক সাহার বাবা কাঞ্চন ভৌমিকের নামে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত প্রায় পৌনে ১২টা নাগাদ বিধাননগর উত্তর ও করিমপুর থানার যৌথ বাহিনী সেখানে পৌঁছোয়। অভিযানে সাতজন পুলিশ আধিকারিক এবং ২১ জন পুলিশকর্মী অংশ নেন। বাড়িটি ঘিরে ফেলার পর রাত সাড়ে ১২টা নাগাদ একটি লাল স্করপিও গাড়িতে করে সব্যসাচী দত্তকে সেখানে আনা হয়।

উল্লেখ্য, গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। এরপর তদন্তের স্বার্থে তাঁকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। এর আগে তাঁর রাজারহাটের ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাঙ্ক লকার থেকে মোট প্রায় সাড়ে তিন কেজি সোনার সন্ধান মিলেছিল বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তকারীদের অনুমান, তোলাবাজির মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে সোনা কেনা হত। এছাড়াও সব্যসাচী দত্ত ও তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং নগদ অর্থ মিলিয়ে প্রায় তিন কোটি ৭০ লক্ষ টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই বিপুল অর্থের উৎস পুলিশ খতিয়ে দেখছে।

তদন্ত চলাকালীন তোলাবাজি মামলায় সব্যসাচীর ঘনিষ্ঠ বলে পরিচিত টিনা ভৌমিক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি হাজির হননি। এর মধ্যেই তাঁর পৈতৃক বাড়িতে এই তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

টিনার বাবা কাঞ্চন ভৌমিক নাজিরপুর বাজারে একটি কাপড়ের দোকান পরিচালনা করেন। স্থানীয়দের একাংশের দাবি, উদ্ধার হওয়া সোনার মালিক টিনা ভৌমিক সাহা। যদিও এ বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে কাঞ্চন ভৌমিক বলেন, “এগুলি আমাদের পরিবারের গয়না। এর মধ্যে মেয়ের কিছু গয়নাও থাকতে পারে। বিষয়টি ওর মা ভালো বলতে পারবেন।”

ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে । স্থানীয় বিজেপি নেতা সৌমেন সরকারের দাবি, সব্যসাচী দত্তের সঙ্গে টিনা ভৌমিক সাহার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁর কথায়, “শুধু সোনা নয়, নদিয়ার নাজিরপুর এলাকায় তাঁর বিপুল সম্পত্তি রয়েছে। কলকাতাতেও একাধিক ফ্ল্যাট আছে বলে জানা যায়। সমস্ত সম্পত্তির উৎস তদন্ত করে দেখা উচিত।” ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share