Weather Update

সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি, পুজোয় বাদ সাধছে না বৃষ্টি! কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দুর্গাপুজোয় নিম্নচাপের সম্ভাবনা নেই। চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অষ্টমী থেকে একাদশী পর্যন্ত দুই বঙ্গেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১০:০০

পুজোর প্ল্যান পণ্ড করছে কি বৃষ্টি? অবশেষে স্বস্তি। পুজোর আনন্দে এবার বড়সড় বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা নেই বৃষ্টির। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্গাপুজোর দিনগুলিতে নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টির দুর্যোগ নিয়ে কোনও সতর্কবার্তাও জারি করা হয়নি। তবে চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে পুজোর বেশিরভাগ দিনেই দুই বঙ্গের জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোর সময় নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টির বড় কোনও দুর্যোগের আশঙ্কাও করা হচ্ছে না। সপ্তমী পর্যন্ত কোথাও কোথাও এক-দু’পশলা বৃষ্টি হতে পারে। তবে তাতে পুজোর আনন্দে বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস।

চতুর্থীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক-দু’টি জায়গাতেও বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পঞ্চমীতে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ষষ্ঠীতেও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর পরের দিনগুলিতেও বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে কম।

উত্তরবঙ্গেও পুজোর বেশিরভাগ দিন আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। চতুর্থী ও পঞ্চমীতে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। 

ষষ্ঠীতে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। 

সপ্তমীতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। অষ্টমী থেকে একাদশী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, পুজোয় ঝড়-বৃষ্টির বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অষ্টমী থেকে একাদশী পর্যন্ত দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। ফলে পুজোর দিনগুলিতে ঠাকুর দেখা ও বাইরে বেরোনোর পরিকল্পনায় বড়সড় বাধার আশঙ্কা আপাতত নেই। তবে স্থানীয়ভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।


Share