Germany Building Fire

জার্মানিতে বহুতলে ভয়াবহ আগুন, মৃত্যু ৩ ভারতীয়ের! অগ্নিসংযোগের সন্দেহে গ্রেফতার রোমানিয়ার বাসিন্দা

জার্মানির বোখামের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু তিন ভারতীয়ের। ঘটনায় আহত পাঁচজন। অগ্নিসংযোগের সন্দেহে বহুতলের ৪১ বছর বয়সি এক রোমানিয়ার নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

জার্মানির আবাসনে বিধ্বংসী আগুনে মৃত তিন ভারতীয় নাগরিক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১২:৪৫

জার্মানির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল তিন ভারতীয় নাগরিকের। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা এবং এক যুবক। মঙ্গলবার ভোরে জার্মানির বোখাম শহরের হফস্টেডে এলাকার একটি বহুতলে আগুন লাগে। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাঁদের ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে আগুন লাগার পিছনে কোনও যান্ত্রিক ত্রুটি নেই বলেই মনে করছেন তদন্তকারীরা। বরং অগ্নিসংযোগের আশঙ্কা করছেন তাঁরা। এই ঘটনায় খুনের সন্দেহে বহুতলেরই ৪১ বছর বয়সি এক রোমানিয়ার নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআর (WDR) সূত্রে খবর, মৃত দুই মহিলার বয়স ২৫ ও ২৭ বছর। অন্যদিকে, মৃত যুবকের বয়স ২৬ বছর। তিনজনই ভারতীয় নাগরিক। তবে তাঁদের নাম এবং ভারতের কোন রাজ্যের বাসিন্দা ছিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

ভোররাতে আগুন, উদ্ধারকাজে বাধা

মঙ্গলবার স্থানীয় সময় ভোর প্রায় ৪টে ১৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা। বহুতলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। বিশেষ করে সিঁড়ি দিয়ে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ায় উপরের তলাগুলিতে পৌঁছনো কঠিন হয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে বিশেষ উদ্ধার সরঞ্জাম ব্যবহার করেন দমকলকর্মীরা। টার্নটেবল ল্যাডারের সাহায্যে দু’জনকে, বহনযোগ্য মই দিয়ে আরও দু’জনকে এবং সেফটি কুশনের সাহায্যে একজনকে উদ্ধার করা হয় বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

অগ্নিসংযোগের সন্দেহ, তদন্তে পুলিশ

জার্মান সংবাদমাধ্যম এন-টিভি (n-tv) এবং সংবাদ সংস্থা ডিপিএ-র (DPA) প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় বহুতলের ৪১ বছর বয়সি এক রোমানিয়ার নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের সন্দেহে প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে। পুলিশের হোমিসাইড বিভাগের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদও করেছেন।

তদন্তকারীরা জানিয়েছেন, আগুন লাগার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা আপাতত উড়িয়ে দেওয়া হয়েছে। তবে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল, নাকি দুর্ঘটনাবশত ছড়িয়ে পড়েছিল, তা এখনও নিশ্চিত নয়। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 


Share