Calcutta High Court

দুর্গাপুজোর পাস বিক্রি করে টাকা আদায়ের অভিযোগ, ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট

এই মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করেন।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ০১:৫২

দুর্গাপুজোর পাস বিক্রি করে টাকা আদায়ের অভিযোগে বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এই মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করেন।

অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে চড়া দামে দুর্গাপুজোর পাস বিক্রি করতেন ইন্দ্রনীল সেন। পুজোর পাস বিক্রির মাধ্যমে টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করেই এই মামলা। সেই মামলাতেই আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিল হাই কোর্ট।


ইতিমধ্যেই এই অভিযোগে ইন্দ্রনীলের বিরুদ্ধে বৌবাজার থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় এ বার গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়েছে চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল ঘোষের বিরুদ্ধে। দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে বৌবাজার থানা।

অন্য দিকে, ইন্দ্রনীলের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর কার্নিভালে ভিআইপি পাস বিক্রি, চলচ্চিত্র উৎসব ও কলকাতা বইমেলাকে কেন্দ্র করে আর্থিক অনিয়ম এবং নিজের ঘনিষ্ঠ সংস্থাকে বেআইনি ভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কার্নিভালের ভিআইপি পাস বিক্রির অভিযোগটি ‘মাস আর্ট’ মামলা নামে পরিচিত। ইডির প্রাথমিক তদন্তে অনুমান, এই সমস্ত অভিযোগে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই দু’বার ইন্দ্রনীলকে সিজিও কমপ্লেক্সে নিজেদের দফতরে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগে কসবার বাড়ি, সিঙ্গুরের বাগানবাড়ি-সহ তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল ইডি।


Share