Theft

চুরি করতে এসে মিষ্টির লোভ সামলাতে পারল না চোর, বর্ধমানে একাধিক দোকানে সিঁদ কেটে চুরি

বর্ধমানের ভাতার থানা এলাকার শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রবিবার রাতে ইলেকট্রিক সামগ্রীর দোকানে চুরির পর পাশের মিষ্টির দোকানেও হানা দেয় চোর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১২:০৪

চুরি করতে এসেও মিষ্টির লোভ এড়াতে পারল না চোর। গামলায় ঢাকা রসগোল্লা, পাশেই রসে টইটুম্বুর ল্যাংচা—এ দৃশ্য দেখে নিজেকে সংযত রাখতে পারেনি সে। একের পর এক মিষ্টি সাবাড় করেই শেষ পর্যন্ত পালায় চোর। রবিবার রাতে বর্ধমান জেলার ভাতার থানা এলাকার শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এমনই এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে শিবদা বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী দেবাশিস মণ্ডলের ইলেকট্রিক সামগ্রীর দোকানকে নিশানা করে চোর। দোকানের পিছনের কংক্রিটের দেওয়াল কেটে ভিতরে ঢোকার জন্য একটি বড় গর্ত তৈরি করা হয়। সেখান দিয়েই দোকানে প্রবেশ করে ইলেকট্রিক তার, ফ্যান, গিজারসহ লক্ষাধিক টাকার সামগ্রী ও কিছু নগদ টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ।

এত বড় চুরির পরও চোরের লোভ মেটেনি। ওই দোকানের পাশেই থাকা রাম ঘোষের মিষ্টির দোকানেও সিঁদ কাটে সে। মাটির দেওয়াল হওয়ায় তুলনামূলক সহজেই দোকানে ঢুকে পড়ে চোর। প্রথমে নগদ টাকা হাতিয়ে নেয়। এরপর দোকানের মেঝেতে সাজানো গামলায় রাখা ল্যাংচা ও রসগোল্লা একে একে খেয়ে নেয় বলেই অভিযোগ।

সোমবার সকালে দোকান খুলে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান মিষ্টির দোকানের মালিক। রাম ঘোষ বলেন, “আজ বিক্রির জন্য ল্যাংচা আর রসগোল্লা তৈরি করে রাখা ছিল। অনেকটাই খেয়ে নিয়েছে চোর। নগদ টাকাও নিয়ে গিয়েছে।” ঘটনার পর দুই ব্যবসায়ীই ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, চুরির তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।


Share