SIR Protest in Barddhaman

এসআইআর-এর তথ্যগত অসংগতি নিয়ে ক্ষোভ, বর্ধমান স্টেশনে রেললাইনে শুয়ে বিক্ষোভ সাধারণ মানুষের

শুক্রবার সকাল ১১টা নাগাদ জাতীয় পতাকা হাতে বর্ধমান স্টেশনে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এসআইআর-এর বিরোধিতায় পোস্টার লাগানো একটি টোটো নিয়েও তাঁরা স্টেশনে ঢোকার চেষ্টা করেন, তবে রেল পুলিশ সেটি সরিয়ে দেয়।

প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:৪১

শনিবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তথ্যগত অসংগতি (লজিক্যাল ডিসক্রিপেন্সি) তালিকা প্রকাশের কথা। তার আগেই এসআইআর প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কর্মীরা। শুক্রবার সকাল ১১টা নাগাদ জাতীয় পতাকা হাতে বর্ধমান স্টেশনে ঢুকে পড়েন স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। এসআইআর-এর বিরোধিতায় পোস্টার লাগানো একটি টোটো নিয়েও তাঁরা স্টেশনে ঢোকার চেষ্টা করেন, তবে রেল পুলিশ সেটি সরিয়ে দেয়।

এরপর সাড়ে ১১টা নাগাদ বেশ কয়েকজন বিক্ষোভকারী রেললাইনে শুয়ে পড়েন। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় তাঁদের ট্র্যাক থেকে সরানো সম্ভব হয়। বিক্ষোভের জেরে হাওড়া থেকে আসা হাওড়া-বর্ধমান লোকাল কিছুক্ষণ আটকে পড়ে। যাত্রীরা নেমে যাওয়ার পরেও ট্রেনটি দাঁড়িয়ে থাকে। পরে বিক্ষোভকারীদের সরিয়ে ট্রেনটি কারশেডে পাঠানো হয়। বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে স্টেশন চত্বরে বিক্ষোভ চলতে থাকে, পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশকে হিমশিম খেতে হয়।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন এবং সব নথি জমা দেওয়ার পরেও শুনানির জন্য ডাকা হচ্ছে, যা চরম ভোগান্তির কারণ। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানান, এই প্রতিবাদ সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।


Share