Sand Mafia

আত্রেয়ী নদীকে ঘিরে বালি মাফিয়ার দৌরাত্ম্য, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পতিরামের বর্ষাপাড়া এলাকার গ্রামবাসীদের

স্থানীয়দের অভিযোগ, দিন-রাত নির্বিশেষে আত্রেয়ী নদীর বুক চিরে চলছে বালি উত্তোলন। এতে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, পাশাপাশি ভারী ট্রাক চলাচলে এলাকার রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পতিরামে বালি তোলা
নিজস্ব সংবাদদাতা, পতিরাম
  • শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৩:৪১

প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই আত্রেয়ী নদীর চর থেকে তোলা হচ্ছে বালি। এই তোলার অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার বর্ষাপাড়া এলাকা। রবিবার সকালে অবৈধ বালি পাচারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। উত্তেজনার পারদ চড়তে থাকলে বালি ব্যবসায়ীদের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, দিন-রাত নির্বিশেষে আত্রেয়ী নদীর বুক চিরে চলছে বালি উত্তোলন। এতে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, পাশাপাশি ভারী ট্রাক চলাচলে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উল্লেখ্য, এই চরকে ঘিরে অশান্তির ইতিহাস নতুন নয়। অতীতেও বালি তোলাকে কেন্দ্র করে বিভিন্ন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকী, চরের গাছে আগুন লাগানোর অভিযোগও উঠেছিল। বর্তমানে বর্ষাপাড়া ও বোল্লা পঞ্চায়েতের হরিহরপুর এলাকায় অবৈধ বালি উত্তোলন ঘিরে উত্তেজনা যেন নিত্যদিনের ঘটনা।

এ বিষয়ে বালুরঘাট ভূমি দফতরের আধিকারিক রণেন্দ্রনাথ মণ্ডল জানান, অবৈধ বালি উত্তোলন রুখতে প্রশাসনের তরফে লাগাতার অভিযান চালানো হচ্ছে এবং অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রশাসনের এই আশ্বাসে আস্থা রাখতে পারছেন না স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, যদি নিয়মিত অভিযান চলেই থাকে, তবে কীভাবে পুলিশের নাকের ডগা দিয়ে প্রতিদিন বালি বোঝাই ট্রাক যাতায়াত করছে? পরিবেশ ও এলাকার নিরাপত্তা রক্ষায় দ্রুত স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।


Share