Mysterios Skeleton Found

খুন নাকি রহস্যমৃত্যু! দক্ষিণ দিনাজপুরের মুগলিশপুরে পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার কঙ্কালসদৃশ দেহ

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ। পুকুর থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি বহুদিন আগের হওয়ায় চামড়া ও মাংস পচে কঙ্কাল বেরিয়ে এসেছে। ফলে মৃত ব্যক্তি নারী না পুরুষ তা প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১০:৫২

পরিত্যক্ত পুকুর থেকে ভেসে আসা তীব্র দুর্গন্ধে সন্দেহ দানা বাঁধে। কচুরিপানা সরাতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার মোহনা গ্রাম পঞ্চায়েতের মুগলিশপুর বিলপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে একটি কঙ্কালসদৃশ অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি এতটাই পচে গিয়েছে যে পরিচয় শনাক্ত করা কার্যত অসম্ভব।

স্থানীয় বাসিন্দা ডালু হাঁসদার বাড়ির পাশে থাকা একটি বড় পুকুর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল এবং কচুরিপানায় পুরোপুরি ঢেকে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে ওই এলাকা থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুকুরের কচুরিপানা সরাতে শুরু করেন। তখনই পচাগলা দেহটি নজরে আসে। খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে আতঙ্ক ছড়ায় এবং ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ। পুকুর থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি বহুদিন আগের হওয়ায় চামড়া ও মাংস পচে কঙ্কাল বেরিয়ে এসেছে। ফলে মৃত ব্যক্তি নারী না পুরুষ তা প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি।

এটি দুর্ঘটনা নাকি এর নেপথ্যে খুনসহ অন্য কোনো অপরাধ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। আশপাশের থানাগুলিতে সাম্প্রতিক নিখোঁজ ডায়েরির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে তথ্য। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ ও সময় জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। আপাতত এই রহস্যময় উদ্ধারকে কেন্দ্র করে মুগলিশপুর ও সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Share