Accident

বংশীহারীতে ভয়াবহ পথ দুর্ঘটনা, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু মহিলার

দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর পাঞ্জরিপাড়ায় ৫১২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারানো গাড়ির ধাক্কায় মৃত্যু হল আঞ্জুয়ারা বিবি (৩৫)-র। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ তদন্তে।

প্রতীকী চিত্র।
অরুণিমা কর্মকার, বালুরঘাট
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৩:৪২

দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার অন্তর্গত পাঞ্জরিপাড়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আঞ্জুয়ারা বিবি (৩৫)। তিনি বংশীহারী ব্লকের কুশকারী ডিগুয়াপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে পাঞ্জরিপাড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। অভিযোগ, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি গুরুতরভাবে আহত হন।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। তবে সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় মৃতার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানিয়েছেন গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার।


Share