Amit Shah

সীমান্ত সুরক্ষা নিয়ে দীর্ঘ বৈঠকে করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডাকা হয়েছে এনআইএ এবং আইবিকে

শনিবার সকালে সীমান্তরক্ষী বাহিনীর পাহারি সম্মেলনে যোগ দেবেন অমিত শাহ। সেই অনুষ্ঠান শেষ করে উত্তরকান‍্যা যাবেন। সেখানেই সীমান্তে সুরক্ষা নিয়ে উচ্চপর্যায় বৈঠক করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং
  • শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ০১:৩৮

রাজ‍্যে দু’দিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার একাধিক বৈঠক করবেন তিনি। তার মধ্যে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশি সময় দেবেন তিনি। তিন সংস্থার ডিজিদের সেই বৈঠকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বৈঠকে উপস্থিত থাকবেন।

শনিবার সকালে সীমান্তরক্ষী বাহিনীর পাহারি সম্মেলনে যোগ দেবেন অমিত শাহ। সেই অনুষ্ঠান শেষ করে উত্তরকান‍্যা যাবেন। সেখানেই সীমান্তে সুরক্ষা নিয়ে উচ্চপর্যায় বৈঠক করবেন। সূত্রের খবর, ওই বৈঠকে থাকবেন জাতীয় তদন্তকারী সংস্থার ডিজি রাকেশ আগরওয়াল, সীমান্তরক্ষী বাহিনীর ডিজি প্রবীণ কুমার এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। পূর্ব প্রান্তের দায়িত্বপ্রাপ্ত আইবির যুগ্ম অধিকর্তাকেও এই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ‍্য পুলিশের এসটিএফের কর্তা এবং উত্তরবঙ্গের আইজি সুখেশ জৈন এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ‍্য সরকারের তরফে উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সূচি অনুযায়ী, প্রায় আড়াই ঘন্টা ধরে এই বৈঠক চলবে। দুপুর ২টো থেকে এই বৈঠক শুরু হবে। বিকেল ৪টে ১৫ মিটার পর্যন্ত এই বৈঠক চলবে। এর পরেই রাজ‍্যে নতুন গুন্ডা দমন আইন নিয়ে বৈঠক করবেন। তবে সেই বৈঠকের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘন্টা ২০ মিনিট সময় দেবেন। সীমান্তের সুরক্ষা নিয়ে সর্বাধিক বেশি সময় দেওয়া হয়েছে।

দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা শিলিগুড়ি। সামনেই চিকেন নেক রয়েছে। বাংলাদেশের পালাবদলের পরে সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। অন‍্য দিকে, রাজ্যে পালাবদলের পর থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শুরু হয়েছে। তার জন‍্য রাজ‍্য সরকার এক হাজার একের বেশি জমি ইতিমধ্যেই সীমান্তরক্ষী বাহিনীকে হস্তান্তর করে দিয়েছে।

রাজ‍্যে পালাবদলের পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষায় শুধুমাত্র বিএসএফ নয়, রাজ্য পুলিশেরও বিশেষ ভূমিকা রয়েছে। তাই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তথ‍্যের আদানপ্রদানের বিষয়ে যাতে কোনও সমস্যা না হয় তা নিয়ে বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন রাজ‍্য পুলিশ হচ্ছে বা সীমান্তবর্তী থানাগুলিকে কীভাবে আরও সক্রিয় করা যায় তা নিয়েও আলোচনা হতে পারে সূত্র মারফত জানা গিয়েছে।

এ ছাড়াও, মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে শিলিগুড়ি করিডরকে ব্যবহার করা হয়। এই রুট দিয়েই ফেনসিডিল, হেরোইন, ব্রাউন সুগার, মেটঅ‍্যাম্ফিটামিন পাচার করে দুষ্কৃতীরা। বাংলাদেশ এবং নেপাল সীমান্তকে তার জন‍্য ব‍্যবহার করে। অভিযোগ, তৃণমূল জমানায় এই সমস্ত পাচারকারীদের তথ‍্য এনসিআরবিকে দেওয়াই হতো না। এই সমস্ত মাদক বাকি রাজ্যের ছড়িয়ে পড়লেও তদন্তকে বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হত না। ফলে এই সম্পর্কিত বার্তাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশকে দিতে পারেন।

ভোটপর্বে বিজেপির প্রচারে এসে একাধিক বার অনুপ্রবেশ সমস‍্যা নিয়ে সরব হয়েছিলেন। অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গ-সহ দেশের জনবিন‍্যাস পরিবর্তন হয়েছে বলে দাবি করেন। জনবিন‍্যাস পরিবর্তনের ফলে সংস্কৃতি পরিবর্তন থেকে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হচ্ছে বলেও মন্তব্য করেন অমিত শাহ। মানবপাচার এবং জাল নথি তৈরির নেটওয়ার্ক ভাঙার জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশ পুলিশের কাছে এই বৈঠকে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।


Share