Supreme Court

সুপ্রিম কোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের শুনানি স্থগিত! মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দীপঙ্কর দত্ত, পরবর্তী শুনানি ২ নভেম্বর

ফলে আপাতত ঝুলেই রইল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আগাম জামিনের আবেদন। আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ০৫:১৪

সুপ্রিম কোর্টে স্বস্তি অধরা ইন্দ্রনীল সেনের! আগাম জামিনের আবেদনের শুনানি হল না। মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ব্যক্তি ইন্দ্রনীল সেন এবং তাঁর সম্পর্কিত মামলার সঙ্গে পূর্বে যুক্ত থাকার কারণেই এই সিদ্ধান্ত বিচারপতির। ফলে আপাতত ঝুলেই রইল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আগাম জামিনের আবেদন। আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

দুর্গাপুজোর ভিআইপি পাস ও টিকিট বিক্রিকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন ইন্দ্রনীল সেন। অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে চড়া দামে পাস ও টিকিট বিক্রি করা হয়েছিল। এই ঘটনায় নাম জড়িয়েছে তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এরও। অভিযোগের তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে সিজিও কমপ্লেক্সে দু’বার তলব করা হয়। তদন্তকারীদের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয় তাঁকে। দু’দফায় জিজ্ঞাসাবাদের পর একবার ১০ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে প্রশ্ন করা হয়েছিল বলে জানা গিয়েছে।

এরপরই গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ইন্দ্রনীল সেন। কিন্তু সেখানে স্বস্তি মেলেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই রায়ের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত নিজেকে মামলা থেকে সরিয়ে নেওয়ায় এ দিন আর শুনানি হয়নি। এবার মামলাটি নতুন বেঞ্চে তালিকাভুক্ত করার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। ফলে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদনের ভবিষ্যৎ নির্ভর করছে পরবর্তী শুনানির উপর। আগামী ২ নভেম্বর এই মামলায় কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর।


Share