Show Cause

চুরি তদন্ত নিয়ে ক্ষোভ, পুলিশের চিকিৎসা না করার পোস্ট, শো-কজের মুখে কোচবিহার মেডিকেলের চিকিৎসক

ফেসবুকে তাঁর পোস্টটি ঘিরেই শুরু হয় বির্তক। এই আবহেই শনিবার মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অসিত চক্রবর্তীকে শো-কজ করেন। অবশ্য পরে তিনি ফেসবুক পোস্টটি মুছে ফেলেন।

এই চিকিৎসককে শো-কজ করা হয়েছে
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৬

চোর ধরতে না পারার কারণে কোনও পুলিশের চিকিৎসা করবে না কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অসিত চক্রবর্তী। এই কথা ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি। পাশাপাশি, তিনি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন।

ফেসবুকে তাঁর পোস্টটি ঘিরেই শুরু হয় বির্তক। এই আবহেই শনিবার মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অসিত চক্রবর্তীকে শো-কজ করেন। অবশ্য পরে তিনি ফেসবুক পোস্টটি মুছে ফেলেন। তবে তিনি প্রশ্ন তুলেছেন, এখনও চুরির তদন্ত শুরু হচ্ছে না কেন? পাশাপাশি তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত শো-কজের চিঠি হাতে পাননি।

জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে অসিতের ফ্ল্যাট থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা চুরি যায়। অভিযোগ দায়েরের পরও দীর্ঘদিন তদন্তে কোনও সুরাহা না-মেলায় গত বৃহস্পতিবার রাতে তিনি ফেসবুকে ক্ষোভ উগরে দেন। পোস্টে তিনি লেখেন, 'দয়া করে আমার আউটডোর এবং ইন্ডোরে কোনও পুলিশ চিকিৎসার জন্য আসবেন না। এমজেএন মেডিক্যাল কলেজে কোনও পুলিশের চিকিৎসা করব না।'

তাঁর এই পোস্টে বিতর্ক শুরু হয়। অসিতের এই বক্তব্য এমজেএন মেডিক্যালের এমএসভিপি সৌরদীপ রায় সমর্থন করেননি। এ দিন তিনি বলেন, 'ওই চিকিৎসককে তাঁর পোস্টের জন্য শো-কজ করা হয়েছে। তাঁকে দু'দিনের মধ্যে জবাবদিহি করতে হবে। হাসপাতালে একজন ডাক্তার হিসেবে তাঁকে সকলের চিকিৎসা করতে হবে।'

এ দিকে অসিতের বক্তব্য, 'এ দিন জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি দেখা করেননি। আর শো-কজের কোনও চিঠি আমি হাতে পাইনি। শো-কজ় করবেই বা কেন? আমি সকলের চিকিৎসা করেছি। আমার চিকিৎসায় কোনও গাফিলতি নেই।' তার পরেই তিনি বলেন, 'এতকিছুর পরেও চুরির তদন্ত কিন্তু হলো না।'


Share