Fire Incident

পর পর দুই হোটেলে ভয়াবহ আগুন, তার পরেই দমকলে বড়সড় রদবদল, বদলি দক্ষিণ কলকাতা-বীরভূমের ডিএফও-রা

এ ছাড়াও, ক্যামাক স্ট্রিটে ফায়ার অডিটের সময় দমকলের দলকে নেতৃত্ব দেওয়া আধিকারিককেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পর পর অগ্নিকাণ্ডের পরেই দমকল দফতরের এই রদবদল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৫

পর পর দু’টি বড় অগ্নিকাণ্ডের পর এ বার দমকল দফতরে রদবদল। দক্ষিণ কলকাতা বিভাগের ডিভিশনাল ফায়ার অফিসার (ডিএফও)-কে বদলি করা হয়েছে। নিউ মার্কেট চত্বরের মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলে সম্প্রতি আগুন লেগেছিল, সেটি দমকলের দক্ষিণ কলকাতা বিভাগের আওতাধীন। একই সঙ্গে দমকলের বীরভূম বিভাগের ডিএফও-কেও বদলি করা হয়েছে। এই বিভাগের অধীনেই পড়ে তারাপীঠ। সম্প্রতি তারাপীঠের একটি হোটেলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এ ছাড়াও, ক্যামাক স্ট্রিটে ফায়ার অডিটের সময় দমকলের দলকে নেতৃত্ব দেওয়া আধিকারিককেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পর পর অগ্নিকাণ্ডের পরেই দমকল দফতরের এই রদবদল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দমকল দফতরের বিভিন্ন বিভাগে বড়সড় রদবদল করা হল। সব মিলিয়ে মোট ১৭ জন ডিএফও-কে বদলি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতা ও বীরভূম ডিভিশনও। দক্ষিণ কলকাতা ডিভিশনের ডিএফও পদে এত দিন ছিলেন শুভঙ্কর ঘোষ। তাঁকে বদলি করে ওই পদে নীহাররঞ্জন রায়কে আনা হচ্ছে। এত দিন তিনি উত্তর ২৪ পরগনা ডিভিশনের ডিএফও পদে ছিলেন। অন্য দিকে, বীরভূম ডিভিশনের ডিএফও পদেও পরিবর্তন করা হয়েছে। এত দিন ওই পদে থাকা অরিন্দম দেবনাথকে বদলি করে বাঁকুড়া ডিভিশনের ডিএফও করা হয়েছে। বীরভূমের নতুন ডিএফও হচ্ছেন শ্যামসুন্দর দে। এত দিন তিনি বাঁকুড়া ডিভিশনের ডিএফও পদে দায়িত্ব সামলাচ্ছিলেন।

সম্প্রতি দক্ষিণ কলকাতা এবং বীরভূম—দুই দমকল বিভাগের অধীন এলাকাতেই পর পর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লেগে ন'জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে কয়েক জন বাংলাদেশিও ছিলেন। আবার তারাপীঠ মন্দির সংলগ্ন একটি হোটেলে আগুনে দুই শিশু-সহ ন'জনের মৃত্যু হয়। পর পর এই দুই অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে প্রশ্ন উঠেছিল দমকলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিশেষ করে নিউ মার্কেটের ঘটনাস্থলটি দমকল দফতর থেকে খুব বেশি দূরে না হওয়ায় বিষয়টি নিয়ে আরও আলোচনা হয়। এই পরিস্থিতিতে দমকলের বিভিন্ন ডিভিশনে ডিএফও স্তরে বদলি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। যদিও প্রশাসনিক সূত্রের দাবি, এটি সম্পূর্ণ রুটিন বদলি।

এর মধ্যেই দু’দিন আগে পুলিশকে সঙ্গে নিয়ে ৯, ক্যামাক স্ট্রিটের একটি ভবনে দমকল অভিযান চালায়। ওই ভবনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে। ভবনটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ রয়েছে কি না, কোথাও কোনও গলদ রয়েছে কি না, তা খতিয়ে দেখেন দমকল আধিকারিকেরা। ক্যামাক স্ট্রিটে ফায়ার অডিটের সময় অভিযানে ডিএফও সরোজকুমার বাগ নেতৃত্ব দিয়েছিলেন। এত দিন তিনি ফায়ার প্রিভেনশন-১-এর ডিএফও পদে ছিলেন। এ বার তাঁকে উত্তর কলকাতা বিভাগের ডিএফও করা হয়েছে। প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা, এই বদলিও রুটিন প্রশাসনিক প্রক্রিয়ারই অংশ।


Share