IPS Transfer

বিধাননগরের সিপি হলেন অমিতকুমার, একসঙ্গে ২৮ জন আইপিএস অফিসারকে বদলি করল নবান্ন

এর মধ্যে ডিজি, এডিজি, আইজি, ডিআইজি এবং সুপার পদমর্যাদার আইপিএস অফিসার রয়েছে। পাঁচ জন ডাব্লুবিপিএস অফিসারেরও বদলি করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ০২:১৯

এক সাথে ২৮ জন আইপিএস অফিসারকে বদলি করল রাজ্য সরকার। বিধাননগর পুলিশের কমিশনার করা হল রাথোর অমিতকুমার ভরতকে। এই প্রথম কোনও ডিআইজি পদমর্যাদার অফিসারকে বিধাননগর পুলিশের কমিশনার করা হল। সুপ্রতিম সরকারকে সিআইডি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ‍্য পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদেরও বদলি করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে ২৮ জন আইপিএস অফিসারের বদলি করা হয়েছে। এর মধ্যে ডিজি, এডিজি, আইজি, ডিআইজি এবং সুপার পদমর্যাদার আইপিএস অফিসার রয়েছে। পাঁচ জন ডাব্লুবিপিএস অফিসারেরও বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নটরজন রমেশ বাবুকে কারা বিভাগ থেকে সরিয়ে রাজ‍্য পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডির ডিজি করা হয়েছে। সুপ্রতিম সরকারকে এডিজি টেলিকমিউনিকেশ পদে বদলি করা হয়েছে। এর আগে তিনি সিআইডির এবং আইবিতে এডিজি ছিলেন। কে জয়ারমনকে উত্তরবঙ্গের এডিজি থেকে বদলি করে দুর্নীতি দমন শাখার ডিরেক্টর করা হয়েছে। আনন্দ কুমারকে এডিজি লিগাল থেকে পশ্চিম জোনের এডিজি করা হয়েছে। বিশাল গর্গকে আইবির এডিজি করা হয়েছে। বিশাল এর আগে পশ্চিম জোনের এডিজি ছিলেন।

তিনজন আইজি পদমর্যাদার আধিকারিককে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। তার মধ্যে সুখেশকুমার জৈনকে উত্তরবঙ্গের আইজি করা হয়েছে। এর আগে তিনি রাজ‍্য পুলিশের সাইবার বিভাগ, সিসিডব্লুউতে কর্মরত ছিলেন। প্রবীণকুমার ত্রিপাঠিকে হোমগার্ডের আইজি করা বয়েছে। এর আগে তিনি রাজ‍্য পুলিশের এসটিএফে ছিলেন। সুধীরকুমার নিলাকান্তমকে এসটিএফের আইজি করা হয়েছে। এর আগে তিনি কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের আইজি ছিলেন।

রাথোর অমিতকুমার ভরতকে বিধাননগর পুলিশের কমিশনার করা হয়েছে। তিনি ডিআইজি পদমর্যাদার আইপিএস অফিসার। এই প্রথম কোনও ডিআইজি পদমর্যাদার অফিসারকে বিধাননগরের পুলিশ কমিশনার করা হল। অমিতকুমার এর আগে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন। ডেভিড ইভান লেপচাকে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হয়েছে। তিনি এর আগে ট্রাফিকের ডিআইজি ছিলেন।

কলকাতা পুলিশের শীর্ষ পদেও কিছু রদবদল আনা হয়েছে। ভিএসআর অনন্তনাগকে কলকাতা পুলিশের এসটিএফের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে যুগ্ম কমিশনার (প্রশাসন) পদে রয়েছেন। এর আগে এই পদে ছিলেন দীনেশ কুমার। তাঁকে পাঠানো হয়েছে বারাসত রেঞ্জে ডিআইজি করে। প্রদীপকুমার যাদবকে সাইবার বিভাগে ডিসি করা হয়েছে। অরিন্দম সরকারকে ডেপুটি কমিশনার (পূর্ব) পদে আনা হয়েছে।

অন‍্য দিকে, বিশপ সরকারকে রাজ্য পুলিশের এসটিএফ থেকে সরিয়ে কোচবিহারের নারায়ণী ব‍্যাটেলিয়নে পাঠানো হয়েছে। ইল্লিয়াদ শ্রীকান্ত জগন্নাথরাওকে দার্জিলিঙের এসপি করা হয়েছে। প্রতীক্ষা ঝারখরিয়াকে দার্জিলিঙের এসপি থেকে কলকাতা পুলিশের ব‍্যাটেলিয়নে পাঠানো হয়েছে। জনপ্রীত সিংহকে সিসিডব্লুর এসপি করা হয়েছে। তিনি এর আগে কোচবিহারের এসপি ছিলেন।

অম্লানকুসুম ঘোষকে কলকাতা পুলিশের এসটিএফের অতিরিক্ত দায়িত্ব থেকে সরানো হয়েছে। তাঁকে শুধু হাওড়া পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) করা হয়েছে। সৌমদ্বীপ ভট্টাচার্যকে রাজ‍্য পুলিশের ব‍্যাটেলিয়নে পাঠানো হয়েছে। প্রকাশচন্দ্র ঢালিকে ব‍্যারাকপুরের বাহিনীতে বদলি করা হয়েছে। তিনি এর আগে মালদহের এসটিএফের সুপার পদে ছিলেন। মনীশ যোশীকে কোচবিহারের পুলিশ সুপার করা হয়েছে। মনীশ এর আগে কলকাতা পুলিশের ট্রাফিকের ডেপুটি কমিশনার ছিলেন।

আবার, অম্লান ঘোষকে উত্তরবঙ্গের এসটিএফের এসপি করা হয়েছে। রাজীব কুমারকে কলকাতা পুলিশের এসটিএফের ডেপুটি কমিশনার করা হয়েছে। সিদ্ধার্থ ধাপোলাকে রাজ্য পুলিশের এসটিএফে পাঠানো হয়েছে। সামির আহমেদকে ডাবগ্রামের বাহিনীতে বদলি করে দেওয়া হয়েছে। স্পর্শ নিলাঙ্গিকে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার করা হয়েছে।


Share