Stone Syndicate

তিন দিনে দ্বিতীয় বার থানায় হাজিরা টুলুর, হিসাবরক্ষকের বাড়ির সামনে সাদা থান ও হুমকিচিঠি ঘিরে চাঞ্চল্য

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তিনি আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছোন। এর মধ্যেই তাঁর দীর্ঘ দিনের হিসাবরক্ষক পিনাকী দেবের বাড়ির সামনে সাদা থান ও হুমকিচিঠি ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে।

পাথর মাফিয়া টুলু মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ০৭:০৬

তিন দিনের মধ্যে দ্বিতীয় বার সিউড়ি থানায় হাজিরা দিলেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তিনি আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছোন। এর মধ্যেই তাঁর দীর্ঘ দিনের হিসাবরক্ষক পিনাকী দেবের বাড়ির সামনে সাদা থান ও হুমকিচিঠি ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। চিঠিতে দাবি করা হয়েছে, পিনাকী টুলু মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। যদিও কারা এই চিঠি রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযুক্ত টুলুকে এর আগে এক বার সিআইডি এবং এক বার পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর দাবি, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। যদিও সিআইডি সূত্রের বক্তব্য, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যবসায়ী একাধিক প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছেন। মঙ্গলবার দ্বিতীয় বার থানায় হাজিরা দিতে এসে অবশ্য তিনি সংবাদমাধ্যমের সামনে বিশেষ কোনও মন্তব্য করেননি।

এর আগে সিউড়ি থানায় প্রায় ছ'ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর টুলু দাবি করেছিলেন, তদন্তকারীদের সব রকম সহযোগিতা করেছেন। দেশের আইন ও সংবিধানের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও তুলেছিলেন তিনি। তাঁর বক্তব্য, ব্যবসার নথিপত্র, ল্যাপটপ-সহ একাধিক সামগ্রী পুলিশ নিয়ে গিয়েছে। বাড়ির সামনে চলছে পুলিশি টহল। তাঁর কথায়, এমন আচরণ করা হচ্ছে যেন তিনি কোনও দুষ্কৃতী! টুলুর দাবি, তিনি বীরভূমের অন্যতম সর্বোচ্চ করদাতা। কর ফাঁকি দিয়ে ব্যবসা করেন না। তা সত্ত্বেও কেন তাঁর ব্যবসায়িক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। এমনকি পুলিশি পদক্ষেপের জেরে গত কয়েক দিনে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলেও দাবি করেন ওই পাথর ব্যবসায়ী। তাঁর অভিযোগ, এ বিষয়ে তদন্তকারী আধিকারিককে প্রশ্ন করলে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

রাজস্ব তছরুপ এবং ভুয়ো রসিদ তৈরির মতো একাধিক অভিযোগে টুলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তৃণমূল জমানায় বীরভূমে পাথর ব্যবসার দাপট ছিল তাঁর। তিনি বিভিন্ন বড় সরকারি প্রকল্পের বরাতও পেতেন। বিদেশে থাকাকালীনই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়। তাঁর এক ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর তদন্তে নতুন মোড় আসে। টুলুর বেশ কয়েক জন ঘনিষ্ঠ গ্রেফতার হন। পরে ওই ব্যবসায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরেন। শীর্ষ আদালত তাঁকে রক্ষাকবচ দিলেও তদন্তে পূর্ণ সহযোগিতার শর্ত বেঁধে দিয়েছে।

অন্য দিকে, মঙ্গলবার টুলুর হিসাবরক্ষক পিনাকী দেবের বাড়ির সামনে সাদা থান ও হুমকিচিঠি রেখে যাওয়ার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘‘কী ভেবেছিলি, টুলু মণ্ডল আর ফিরবে না? বারবার বারণ করা সত্ত্বেও পুলিশকে সমস্ত রকম তথ্য দিয়েছিলি। দেখ, তোর কী অবস্থা হয়। ফল ভাল হবে না।’’ স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে টুলুর হিসাবরক্ষকের দায়িত্ব সামলেছেন পিনাকী। তবে এই হুমকির নেপথ্যে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য মেলেনি।


Share