Stone Syndicate

জাল ডিসিআর মামলায় অবশেষে সিউড়ি থানায় হাজির টুলু মণ্ডল, নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর পৌঁছোলেন মার্সিডিজে

পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর ১২টার মধ্যে তাঁকে সশরীরে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর এই পাথর ব্যবসায়ী থানায় পৌঁছোন।

টুলু মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ০৩:৫৬

শুক্রবার কলকাতার ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের জেরার মুখোমুখি হয়েছিলেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার তিনি ফের তদন্তকারীদের মুখোমুখি হলেন। জাল ডিসিআর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এ দিন টুলু সিউড়ি থানায় হাজিরা দিলেন। দুপুর ঠিক একটা নাগাদ বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চড়ে তিনি থানায় পৌঁছোন। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর ১২টার মধ্যে তাঁকে সশরীরে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর এই পাথর ব্যবসায়ী থানায় পৌঁছোন।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত মঙ্গলবার দেশে ফিরেছিলেন জাল ডিসিআর মামলার অন্যতম প্রধান অভিযুক্ত টুলু। এরপর শুক্রবার পাঁচ কোটি টাকা উদ্ধারের একটি পুরনো মামলায় তিনি ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের জেরার মুখে পড়েন। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে এই জিজ্ঞাসাবাদ চলে। একই দিনে সিউড়ি ও পাঁচামিতে তাঁর পেট্রোল পাম্প এবং ক্রাশার অফিসেও তদন্তকারীরা ম্যারাথন তল্লাশি চালান।

এ বার জাল ডিসিআর মামলার তদন্তে পুলিশ আরও সক্রিয় হয়েছে। বীরভূমের পাথর খাদান ও ক্রাশার ব্যবসায় জাল ডিলার চালান রসিদ বা ডিসিআর ব্যবহার করে রাজ্য সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে টুলুর বিরুদ্ধে। এই চক্রের জাল কতদূর বিস্তৃত, এর সঙ্গে আর কারা জড়িত এবং আর্থিক লেনদেনের নেপথ্যে কোনও প্রভাবশালীর যোগ রয়েছে কি না, তা জানতেই তদন্তকারীরা এ দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। টুলুকে জেরা করে মামলার আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাওয়ার আশা করছে পুলিশ। তাই শনিবারের এই জিজ্ঞাসাবাদের দিকে নজর রয়েছে বীরভূমের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।


Share