Stone Syndicate

টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি-কাণ্ডে ফের বড়সড় গ্রেফতারি! পুলিশের জালে প্রাক্তন ডেপুটি DL&LRO রবিউল ইসলাম, বেআইনি বালির কারবারেও যোগের অভিযোগ

তদন্তকারীদের অভিযোগ, পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের কোটি কোটি টাকার ডিসিআর জালিয়াতি চক্রের অন্যতম সদস্য ছিলেন এই সরকারি আধিকারিক।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৯:৩৭

ডিসিআর জালিয়াতি-কাণ্ডে ফের গ্রেফতার এক সরকারি আধিকারিক। এ বার পুলিশের জালে বীরভূমের মহম্মদবাজারের প্রাক্তন ডেপুটি DL&LRO রবিউল ইসলাম। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। রবিবার রাতে বীরভূমের মাড়গ্রামে নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের কোটি কোটি টাকার ডিসিআর জালিয়াতি চক্রের অন্যতম সদস্য ছিলেন এই সরকারি আধিকারিক। শুধু জাল ডিসিআর তৈরি নয়, জেলাজুড়ে চলা বেআইনি বালির কারবারেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি পুলিশের।

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে জাল ডিসিআর তৈরি করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই চক্রের তদন্তে নেমে একের পর এক সরকারি আধিকারিকের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। পুলিশ সূত্রে খবর, এর আগে DL&LRO এবং সংশ্লিষ্ট দফতরের ক্যাশিয়ারকে গ্রেফতার করা হয়েছিল। গত ১৩ অক্টোবর এই মামলায় আরও ১২ জনের নাম উল্লেখ করে সিউড়ি জেলা আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সেই তালিকায় টুলু মণ্ডল ছাড়া বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এবার সেই তদন্তের সূত্র ধরেই গ্রেফতার করা হল প্রাক্তন ডেপুটি DL&LRO রবিউল ইসলামকে। তাঁর বিরুদ্ধে আগেই আদালতে অভিযোগ দায়ের করেছিল পুলিশ।

তদন্তকারীদের দাবি, জাল ডিসিআর তৈরি থেকে শুরু করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, তাতে সক্রিয় ভূমিকা ছিল রবিউল ইসলামের। টুলু মণ্ডলের বেআইনি কারবারে সরকারি স্তরে কীভাবে সহযোগিতা করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত আধিকারিককে সোমবার সিউড়ি জেলা আদালতে পেশ করা হবে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইবে পুলিশ।

তবে এই মামলার অন্যতম অভিযুক্ত মূল পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এখনও অধরা। নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের কোনও হদিশ এখনও মেলেনি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। একের পর এক সরকারি আধিকারিকের গ্রেফতারির পর এখন তদন্তকারীদের নজর, এই জাল ডিসিআর চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং সরকারি রাজস্ব ফাঁকির কারবারে প্রশাসনের আরও কোনও স্তরের যোগ ছিল কি না, সেদিকে।


Share