Gang Rape

পুরুলিয়া শহরের মধ্যে নাবালিকার গণধর্ষণ, সাত যুবক গ্রেফতার, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল বিজেপির

পুরুলিয়ায় রেললাইনের ধারে নির্জন ফাঁকা জমিতে অপহরণ করে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে সাত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১১:০৫

পুরুলিয়া শহরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রেললাইনের ধারে একটি নির্জন ফাঁকা জমিতে দশম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। সেখানেই গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে। লিখিত অভিযোগে ভিত্তিতে সাত জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন নির্যাতিতা। তারপর দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের তরফে পুরুলিয়া সদর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার দু’ঘণ্টার মধ্যেই পুলিশ তৎপরতায় ওই নাবালিকাকে উদ্ধার করে। তদন্তে উঠে আসে, তাকে অপহরণ করে রেললাইন সংলগ্ন একটি নির্জন ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়েছে। পুরুলিয়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, নাবালিকাকে উদ্ধারের পরই জোরদার তল্লাশি অভিযান শুরু করা হয়। 

শনিবার অভিযুক্ত সাত যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই পুরুলিয়া শহরের বাসিন্দা। তাঁদের মধ্যে একজন শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে পুরুলিয়া জেলা আদালতের বিচারকের সামনে গোপন জবানবন্দি দিয়েছে। বর্তমানে ওই নাবালিকাকে একটি সুরক্ষিত হোমে রাখা হয়েছে। 

ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহের কাজ চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশি মদের বোতলও উদ্ধার করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত নিগৃহীতার পরিবারের তরফে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, রেললাইনের ধার-সহ পুরুলিয়া শহরের একাধিক নির্জন এলাকায় দুষ্কৃতীরা অবাধে ঘোরাফেরা করে। কিন্তু সেখানে পুলিশের নিয়মিত টহল বা নজরদারি সেখানে চোখে পড়ে না।

ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসকদলকে আক্রমণ করেছে বিজেপি। পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, “রাজ্যে আইনের কোনও ভয় নেই। দুষ্কৃতীদের রাজত্ব চলছে।” পাল্টা প্রতিক্রিয়ায় জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে। এই রাজ্যে মহিলারা সুরক্ষিত। এই ধরনের ঘটনায় রাজনীতি করা ঠিক নয়।” রবিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


Share