Train Line

পুরুলিয়ায় নতুন রেলপথের অনুমোদন ঘিরে চাপানউতোর, বিজেপির খুশি বনাম তৃণমূলের কটাক্ষ

এ দিন জ্যোতির্ময় আরও জানান, 'পুরুলিয়া-ঝাড়গ্রাম রেলপথটির সমীক্ষার কাজ চলছে। এই রেলপথের প্রস্তাব আমরা দিয়েছিলাম। কী রুট হবে, তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব দ্রুত এই খুশির খবরটিও আমরা পাব। তার জন্য আমরা প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে আগাম ধন্যবাদ জানাচ্ছি।'

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০১:৪১

সামনেই বিধানসভা ভোট। তার আগেই রেলমন্ত্রক পুরুলিয়া-বাঁকুড়া নতুন রেলপথের অনুমোদন দিল। এ বিষয়ে মঙ্গলবার পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, 'পুরুলিয়া ও বাঁকুড়ার মানুষের আজ অত্যন্ত আনন্দের দিন। এলাকার মানুষের দীর্ঘ দিনের এই দাবি পূরণের জন্য আমি রেলমন্ত্রীকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি।'

অবশ্য এ বিষয়ে কটাক্ষ করেন পুরুলিয়ার তৃণমূল নেতা সুজয় বন্দোপাধ্যায়। তিনি বলেন, 'রেলমন্ত্রী থাকার সময়ে প্রথম এই রেলপথটির কথা রেল বাজেটে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার জন্য কতগুলি রেল প্রকল্প ঘোষণা করেছিলেন ও কাজ শুরু করেছিলেন, তা বাংলার মানুষ জানেন। তার পরে এতগুলি বছর পেরিয়ে গিয়েছে। আজ ভোটের মুখে বিজেপির এই রেলপথের কথা মনে পড়েছে!'

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি হুড়ার এক সভা থেকে পুরুলিয়ায় নতুন রেলপথের দাবি তুলে বিজেপির সাংসদকে কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে পুরুলিয়ার মানুষকে বান্দোয়ান-পুরুলিয়া নতুন রেলপথের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই রেলপথ কোথায়, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Share