Mysterious Death

মাংস কিনতে বেরিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর পুরুলিয়ার বাঘমুন্ডিতে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে। ঘটনার নেপথ্যে কী কারণ এবং কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১১:৩২

মাংস কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক প্রৌঢ়। কিন্তু আর ফিরে আসেননি তিনি। কয়েক ঘণ্টা পর এলাকা থেকেই তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই প্রৌঢ়কে খুন করা হয়েছে। তবে এর নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সনাতন মাহাতো (৫৫)। তিনি বাঘমুন্ডি থানার পেড়েতোড়াং গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে মাংস কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সনাতন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর কয়েক ঘণ্টা পর বাঘমুন্ডি থানার অন্তর্গত মুকরুপ গ্রামের কাছে রাস্তায় ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের আত্মীয় সুষেনচন্দ্র মাহাতো জানান, তিনি মাংস কিনতে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। পরে রাস্তায় দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশের প্রাথমিক ধারণা, সনাতন মাহাতোকে খুন করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখতে পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।


Share