CPM Leader shoot dead

সাতসকালে আসানসোলে শুটআউট, মসজিদে নমাজ পড়তে যাওয়ার সময় সিপিএম নেতা মহম্মদ সাবরুদ্দিনকে খুন

এসিপি ঈপ্সিতা দত্ত জানান, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। খুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ব্যবসায়িক শত্রুতার জেরেই কি খুন, নাকি এর নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সিপিএম নেতা মহম্মদ সাবরুদ্দিন।
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৪:২৫

সাতসকালে আসানসোলে শুটআউট। সকালের নমাজ পড়তে যাওয়ার সময় এক সিপিএম নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। শনিবার আসানসোলের হীরাপুর থানার করিমডাঙা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত সিপিএম মহম্মদ সবরুদ্দিন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আসানসোল পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের করিমডাঙা এলাকায় তাঁর দেহ পাওয়া গিয়েছে। মহম্মদ সাবরুদ্দিন স্থানীয় সিপিএম নেতা। তিনি স্থানীয় একটি মাদ্রাসার কোষাধ্যক্ষ ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, এ দিন ৬টা স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন মহম্মদ সাবরুদ্দিন। সেই সময় বাইকে চেপে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পালানোর সময় একটি পিস্তল রাস্তায় পড়ে যায়। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই সাবরুদ্দিনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঈপ্সিতা দত্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদ সাবরুদ্দিন লোহার ব‍্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়াও, ওই এলাকায় তাঁর একটি হার্ডওয়্যারের দোকান ছিল। কী কারণে খুন তা স্পষ্ট নয়। ঘটনার পরে এলাকায় তল্লাশি অভিযান তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

এসিপি ঈপ্সিতা দত্ত জানান, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। খুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ব্যবসায়িক শত্রুতার জেরেই কি খুন, নাকি এর নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।


Share