Cricketer Abhishek Porel

তরুনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ আইপিএলের ক্রিকেটারের বিরুদ্ধে, বাড়ি ফিরতেই পুলিশের হাতে পাকড়াও অভিষেক

ক্রিকেটার অভিষেক পোড়েলকে পুলিশ গ্রেফতার করেছে। অভিষেক পেড়েল আদতে হুগলির চন্দননগরের বাসিন্দা। তিনি গত বছরের আইপিএলের কয়েকটি ম্যাচ খেলেছেন।

ক্রিকেটার অভিষেক পোড়েল গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১১ আগস্ট ২০২৬ ০৩:৫৪

বাংলা দল এবং দিল্লি ক‍্যাপিটালসের ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, তিনি এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণ করেছেন। এমনকী, তরুণীকে আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করেছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ এবং তথ‍্যপ্রযুক্তি আইনের মোট ন’টি ধারায় মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতে মগড়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে হাজির করানো হবে।

গত ২৪ জুন মগড়া থানায় এক তরুণী অভিযোগ জানান। তিনি কর্নাটকের চিকিৎসক পড়ুয়া। তাঁর অভিযোগ, অভিষেকের সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্ক ছিল। তাঁর সঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। কিন্তু বারবার সঙ্গে বিয়ের কথা বললে বেঁকে বসেন। অশান্তি করতেন। এর পরে অভিষেক আপত্তিকর ছবি দেখিয়ে হুমকি দিতেন। এমনকী, সেই সমস্ত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতেন।

ওই দিন মগড়া থানায় তরুনী অভিযোগ জানাতে আসেন। পরে হুগলির গ্রামীণ পুলিশের সুপার কুনওয়ারভূষণ সিংহ থানায় আসেন। ডেপুটি সুপার (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্র এবং থানার আইসির সঙ্গে আলোচনা করেন। তার পরেই মামলা রুজু করার নির্দেশ দেন। ধর্ষণ, মারধর, প্রতারণা-সহ ন’টি জামিন অযোগ্য ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

কিন্তু সেই সময় অভিষেক পোড়েল যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, তিনি ভালো খেলছেন বলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আইপিএল শেষ হয়েছে। তাই তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অভিষেক জানান, তিনি এ বিষয় নিয়ে এই মুহুর্তে কিছু মন্তব্য করবেন না। যা বলার পুলিশকেই জানাবেন। বাড়িতে ফিরতেই ক্রিকেটারকে হেফাজতে নিল পুলিশ।

অভিযোগ দায়েরের পর বেশ কিছু দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হয়। বিচারপতি নির্দেশ দেন, অভিষেকের মোবাইল ফোন সমেত যত ডিজিটাল নথি রয়েছে তা বাজেয়াপ্ত করতে হবে। অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তার পরেই পদক্ষেপ করেছে পুলিশ।

অভিষেক পোড়েল আদতে হুগলির চন্দননগরের বাসিন্দা। তিনি গত বছরের আইপিএলের কয়েকটি ম্যাচ খেলেছেন। তিনি দিল্লি ক্যাপাটালসের হয়ে উইকেট কিপার এবং ব্যাটার ছিলেন। বাংলা দলের হয়েও খেলেছেন। ঋষভ পন্থের অভাব ঢাকার জন্য তাঁকে রাখা হয়েছিল দলে। কিন্তু সে বার মাত্র চারটি ম্যাচে খেলানো হয়েছিল। সে ভাবে রানও করতে পারেননি। তাতে যদিও দিল্লি তাঁকে ছেঁটে ফেলেনি। তরুণ উইকেটরক্ষকের ওপর ভরসা রাখা হয়েছিল আরও একটি মরসুম। নিরাশ করেননি অভিষেক। এ বারের আইপিএলে রান আসে তাঁর ব্যাট থেকে।


Share