Assembly Election 2026

‘যেখানে যে দাওয়াই প্রয়োজন সেখানে সময় মতো পৌঁছে যাবে,’ শান্তিপূর্ণ নির্বাচন প্রসঙ্গে মন্তব্য রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের

আগামীকাল বিধানসভা নির্বাচন নিয়ে নিরাপত্তা নিয়ে বৈঠক হবে। বৈঠকে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এনকে মিশ্র থাকবেন। বৈঠকে রাজ‍্য পুলিশ এবং কলকাতা পুলিশের প্রতিনিধিরাও থাকবেন।

রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৩

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। তার পরে ঘোষণা হবে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ করতে যেখানে যেমন বাহিনী দরকার সেখানে তেমন ভাবেই মোতায়েন করা হবে। রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, ‘যেখানে যে দাওয়াইয়ের প্রয়োজন, সময় মতো পৌঁছে যাবে।’

এর আগে প্রায় প্রতিটি নির্বাচনে রাজ‍্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছে। ঝড়েছে রক্ত। প্রাণ হারিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। বুথ দখল থেকে শুরু করে ভোটারদের প্রভাবিত করা, কেন্দ্রে যেতে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এমনকী, গত বছরে নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের ফলাফলের দিন, তৃণমূল কর্মীদের মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারিয়েছে তামান্না খাতুন নামে এক শিশু। এ ছাড়াও, ভোট পরবর্তী হিংসায় একাধিক বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন বলে দাবি। বেলেঘাটায় বিজেপি কর্মীকে খুনও করা হয়েছিল ২০২১ সালে নির্বাচনের ফলাফলের পরে। সেই মামলার তদন্ত করছে সিবিআই।

এমন ঘটনা যাতে এড়ানো যায় তা নিয়ে আগে থেকেই সতর্ক নির্বাচন কমিশন। রাজ‍্যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্রকে নিয়োগ করেছে। তিনি রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন। কমিশন সূত্রের খবর, এই বৈঠকে নিরাপত্তার বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। নির্বাচনের সময় নিরাপত্তা নিয়ে রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মনোজকুমার আগরওয়াল কড়া বার্তা দিয়ে বলেন, “যেখানে যে দাওয়াইয়ের দরকার সেখানে তা প্রয়োগ করা হবে।” তিনি আরও বলেন, “সব রোগে একই ওষুধ প্রয়োগ করা হয় না।” তাঁর কথায়, জ্বর হলে যে ওষুধ ব‍্যবহার করা হয়, তা অন‍্য রোগের চিকিৎসায় সেই ওষুধ ব্যবহার হয় না। আসন্ন নির্বাচনে অশান্তি ঠেকাতে যে কোনও খামতি রাখা হবে না তা নিশ্চিত করতে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তা জানিয়ে দিয়েছে। আগামী ১ মার্চ ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রাজ‍্যে আসছে। বাকি বাহিনী ১০ মার্চ রাজ‍্যে আসবে। রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজিকে তা জানিয়ে দেওয়া হয়েছে।

আগামীকাল বিধানসভা নির্বাচন নিয়ে নিরাপত্তা নিয়ে বৈঠক হবে। বৈঠকে নির্বাচন কমিশনের বিশেষপর্যবেক্ষক এনকে মিশ্র থাকবেন। বৈঠকে রাজ‍্য পুলিশ ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার থাকবেন বলে জানা গিয়েছে। সোমবার বিকেল ৫টা থেকে এই বৈঠক শুরু হবে।


Share