Assembly Election

বিধানসভা নির্বাচন এবং এসআইআরের তালিকা প্রকাশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়ন নিয়ে দফতরে জরুরি বৈঠক ডাকলেন সিইও

নির্বাচন কমিশন সূত্রে খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল। এছাড়াও থাকছেন সিইও দফতরের সমস্ত শীর্ষ আধিকারিকরা। বিশেষ পর্যবেক্ষক এন কে মিশ্রও বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

সিইও মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩০

আগামী ২৮ জানুয়ারি রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)- এর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মার্চ মাসে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার কথা। কমিশন সূত্রের খবর, এই দু’টি বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

কমিশন সূত্রের খবর, আগামী সোমবার এই বৈঠকের দিনক্ষণ স্থির করা হয়েছে। ওই দিন বিকেল ৪টে থেকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হলে তাঁদের গতিবিধি কীভাবে, সংবেদনশীল এলাকায় কত কোম্পানি মোতায়ন করতে হবে, স্ট্রং রুম ও ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

এ ছাড়াও, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর তালিকা প্রকাশ করার কথা রয়েছে। তার পরে বিভিন্ন জায়গায় অশান্তির আশঙ্কা করেছে নির্বাচন কমিশন। এ কথা গত কাল কমিশনের আইনজীবী দামাশেষাদ্রী নাইডু শীর্ষ আদালতে জানিয়েছেন। মনে করা হচ্ছে, সেই সময় যদি কোনও অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয়, তার প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগারওয়াল, নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এন কে মিশ্রও। এ ছাড়াও, আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনার বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার, রাজ‍্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল, সুনীলকুমার যাদব-সহ রাজ‍্য পুলিশের ১০ জন নোডাল অফিসার এবং কমিশনের বাহিনীর সমন্বয়ক সঞ্জয় যাদব।

আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখা জরুরি। তা জোরদার করাই এই বৈঠকের বলে কমিশন সূত্র দাবি করেছে।


Share