Weather Update

দিনে ও রাতের তাপমাত্রায় তারতম্য! নিম্নচাপের প্রভাব এ রাজ্যেও, বৃষ্টিপাতের সম্ভাবনা

আবহাওয়া দফতর জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগামী ৪৮ ঘণ্টায় তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭

ভোরের দিকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বেলা বাড়লেই তা বেড়ে ৩০ ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে। বেলা যত বাড়ছে রোদও তত চড়ছে। আর এই গরম ও ঠান্ডার মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই রাজ্যে। তার ওপর আবার নিম্নচাপ। যার ফলে পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগামী ৪৮ ঘণ্টায় তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। 

দক্ষিণবঙ্গে, আগামী ২৩ ও ২৪ তারিখে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলায় বৃষ্টি হতে পারে। নিম্নচাপের ফলে তাপমাত্রা ক্রমেই বাড়বে। আপাতত কোন কুয়াশার সম্ভাবনা নেই। বৃষ্টি শেষ হলেই পুরোপুরি ভাবে গরম পড়ে যাবে রাজ্যে। 

উত্তরবঙ্গে  হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে এই বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে মোটামুটি শুষ্কই থাকবে আবহাওয়া। আপাতত কুয়াশার কোন সম্ভাবনা নেই। 

কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share