Political Inner Clash

খুনের ছক কষার অভিযোগ! শওকতের মোল্লার বিরুদ্ধে এফআইআর কাইজারের, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

তাঁর অভিযোগ, গত এক মাস ধরে তাঁকে খুনের ছক কষা হচ্ছে। বাইরে থেকে সুপারি কিলার ভাড়া করে এলাকায় আনা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৭

ফের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। নিজের প্রাণনাশের আশঙ্কা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। এ নিয়ে ভাঙড় থানায় এফআইআর দায়ের করেছেন কাইজার।

তাঁর অভিযোগ, গত এক মাস ধরে তাঁকে খুনের ছক কষা হচ্ছে। বাইরে থেকে সুপারি কিলার ভাড়া করে এলাকায় আনা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। কাইজারের কথায়, ‘কিছুদিন আগেও ভাড়া করে আনা হয়েছিল একদল সুপারি কিলারকে। তারা আমাকে চিনতে না পেরে ফিরে চলে গেছে। আবার নতুন করে একদল সুপারি কিলারকে ভাড়া করে আনা হয়েছে আমাকে খুন করার জন্য। যাদের ভাড়া করে আনা হয়েছে তাদের সকলের বাড়ি মেদিনীপুর। তাদেরই একজন আমাকে পুরো বিষয়টা জানিয়েছে।’ নিজের নিরাপত্তার দাবি জানিয়ে কাইজার কলকাতা পুলিশের কাছেও আবেদন করেছেন।

শুধু ভাঙড় থানা নয়, কাইজার কলকাতা পুলিশের বিভিন্ন তদন্তকারী শাখাতেও অভিযোগপত্র পাঠিয়েছেন। পাশাপাশি বিষয়টি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও জানিয়েছেন বলে তিনি দাবি করেন।

ভাঙড়ের রাজনীতিতে শাসকদলের অন্তর্দ্বন্দ্ব বহুদিনের। কাইজার আহমেদ ও আরাবুল ইসলামের মতো পুরোনো নেতারা গত কয়েক বছরে কোণঠাসা হয়েছেন। তিন বছর ধরে ভাঙড়ের সংগঠনের দায়িত্বে রয়েছেন শওকত। এই পরিস্থিতিতে কাইজারের অভিযোগে গোষ্ঠীদ্বন্দ্ব আরও তীব্র হয়েছে বলেই রাজনৈতিক মহলের মত।

অভিযোগ উড়িয়ে দিয়েছেন শওকত মোল্লা। তাঁর কথায়, ‘ওকে মেরে আমার কী লাভ! ওর থেকে একটা কুকুরের অনেক বেশি দাম আছে। সায়েন্স সিটি থেকে ঘটকপুকুর পর্যন্ত সমস্ত জমি ও দখল করে রেখেছে। ও একটা তোলাবাজ। প্রচারের জন্য এ সব ভুলভাল কথা বলছে।’


Share