Special Intensive Rivision

‘ছেলেখেলা বরদাস্ত নয়’, ডিইও-দের সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা সিইও মনোজকুমার আগরওয়ালের, দ্রুত বকেয়া কাজ শেষ করার নির্দেশ

শুক্রবার ডিইও-দের সঙ্গে বৈঠকে সিইও দফতর স্পষ্ট জানিয়ে দেয়, আর ‘ছেলেখেলা’ বরদাস্ত করা হবে না। বকেয়া কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে। ডিইও-দের উদ্দেশে নির্দেশ, ‘‘যতটা সম্ভব দ্রুত কাজ শেষ করুন।’’ নির্ধারিত সময়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব তাঁদেরই, এ কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে।

ডিইও-দের সঙ্গে বৈঠক রাজ্যের সিইও-এর
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৩

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দিষ্ট দিন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরপরই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে ফোন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরই মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) নিয়ে বৈঠকে কড়া বার্তা দেয় সিইও দফতর। সূত্রের খবর, কয়েক জন ডিইও ভোটার তালিকার স্ক্রুটিনি শেষ করতে অতিরিক্ত সময় চেয়েছেন। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দেন মনোজ।

শুক্রবার ডিইও-দের সঙ্গে বৈঠকে সিইও দফতর স্পষ্ট জানিয়ে দেয়, আর ‘ছেলেখেলা’ বরদাস্ত করা হবে না। বকেয়া কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে। ডিইও-দের উদ্দেশে নির্দেশ, ‘‘যতটা সম্ভব দ্রুত কাজ শেষ করুন।’’ নির্ধারিত সময়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব তাঁদেরই, এ কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে।

যদিও একাধিক জেলার ডিইও জানিয়েছেন, বিপুল সংখ্যক স্ক্রুটিনি করতে হচ্ছে। সে কারণে আরও চার থেকে পাঁচ দিন সময় প্রয়োজন হতে পারে। কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করাই এখন সর্বাধিক অগ্রাধিকার। তথ্যগত ত্রুটি এড়াতে স্ক্রুটিনিতে কিছুটা সময় লাগতে পারে। তবে বৈঠকে ইঙ্গিত মিলেছে, আগামী ২৮ ফেব্রুয়ারিই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে 'অমীমাংসিত' আবেদনগুলির জন্য আলাদা সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, এসআইআর সংক্রান্ত মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে কর্মরত জেলা বিচারক এবং অবসরপ্রাপ্ত জেলা বা অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করতে হবে। প্রত্যেক জেলায় তাঁদের দায়িত্ব দেওয়া হবে তথ্যগত অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রেপ্যান্সি সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির। নির্বাচন কমিশনের মাইক্রো অবজ়ার্ভার এবং রাজ্য নিযুক্ত আধিকারিকেরা এই প্রক্রিয়ায় বিচারকদের সহায়তা করবেন। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে।


Share