Election Commission

তৃণমূলের দুই শিবিরকে ফের দিল্লিতে তলব, ২৭ নভেম্বর শুনানি নির্বাচন কমিশনে

মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরকে আগামী ২৭ নভেম্বর দিল্লিতে তলব করেছে কমিশন। ওই দিন বিকেল ৪টেয় দু’পক্ষের শুনানি হবে বলে জানা গিয়েছে।

নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ০৯:৩৭

তৃণমূলের প্রতীক ও দলের স্বত্ব নিয়ে বিবাদ মেটাতে ফের তৎপর নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরকে আগামী ২৭ নভেম্বর দিল্লিতে তলব করেছে কমিশন। ওই দিন বিকেল ৪টেয় দু’পক্ষের শুনানি হবে বলে জানা গিয়েছে। এর আগে দুই গোষ্ঠী নিজেদের সাংগঠনিক অবস্থান ও সমর্থনের পক্ষে প্রয়োজনীয় নথি কমিশনে জমা দিয়েছিল। এ বার সেই নথির ভিত্তিতে শুনানির পর্ব শুরু হতে চলেছে।

গত বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের নাম, স্বত্ব এবং ঘাসফুল প্রতীকের মালিকানা নিয়ে দুই শিবিরের মধ্যে বিবাদ চলছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এর আগে দু’পক্ষের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যৌথ নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে সেই শুনানি স্থগিত রাখা হয়। পরে গণতান্ত্রিক তৃণমূলকে ৫ নভেম্বর এবং মমতা তৃণমূলকে ১৫ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল। সেই মতো দু’পক্ষই নিজেদের বক্তব্য ও নথি কমিশনে জমা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে ঘাসফুল প্রতীকের মালিকানা সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। চার সপ্তাহের মধ্যে দুই শিবিরকে সাংগঠনিক সমর্থনের প্রমাণ-সহ হলফনামা ও অতিরিক্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সংগঠনের কোন অংশে কার কতটা সমর্থন রয়েছে, তার বিস্তারিত তথ্যও হলফনামায় জানাতে বলা হয়েছিল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় গত ৩০ অক্টোবর গণতান্ত্রিক তৃণমূলকে আরও ১০ দিন সময় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকেও পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য ১০ দিন সময় দেওয়া হয়। সেই কারণে কমিশনের শুনানিও পিছিয়ে যায়। ইতিমধ্যে দু’পক্ষের নথি জমা পড়েছে। নিয়ম মেনেই এ বার শুনানিতে ডাকা হয়েছে দুই শিবিরকে। ফলে ২৭ নভেম্বরের শুনানির দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।


Share