Ujjal Biswas Passed Away

প্রয়াত রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, প্রয়াণকালে বয়স হয়েছিল ৭২ বছর, ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়

গতকাল মঙ্গলবার চিকিৎসকেরা প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানান। এমনকী, তাঁর সামগ্রিক রোগমুক্তির সম্ভাবনাও অত্যন্ত কম বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। সেই রিপোর্টের ২৪ ঘণ্টা কাটার আগেই জীবনাবসান হল প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের।

রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১১:৫৯

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। প্রায় তিন সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। গত কয়েক দিন ধরে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন প্রাক্তন মন্ত্রী। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাইপাস সার্জারি হয়েছিল। তারপরেই মস্তিষ্কে স্ট্রোক হয়। হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লকেজ থাকায় এই অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু অস্ত্রোপচারের পর মস্তিষ্কে স্ট্রোক হয় তাঁর। এরপর থেকেই একের পর এক শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে। গত ১৮ অক্টোবর নিউমোনিয়া ও মূত্রনালির সংক্রমণ নিয়ে তাঁকে মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রমণ গুরুতর আকার নেওয়ায় সেপটিক শক এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার পরিস্থিতি তৈরি হয়। কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে তাঁকে ডায়ালিসিসের সাহায্য নিতে হচ্ছে বলেও চিকিৎসকেরা জানান।

গতকাল মঙ্গলবার চিকিৎসকেরা প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানান। এমনকী, তাঁর সামগ্রিক রোগমুক্তির সম্ভাবনাও অত্যন্ত কম বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। সেই রিপোর্টের ২৪ ঘণ্টা কাটার আগেই জীবনাবসান হল প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের।

প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে আরও জানা গিয়েছে, শ্বাসপ্রশ্বাসের সুবিধার জন্য তাঁর গলায় ট্র্যাকিওস্টমি করা হয়েছিল। পাশাপাশি হেমোডায়ালিসিস চলছিল। একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ক্রিটিক্যাল কেয়ার টিমের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন মন্ত্রী। হৃদরোগের কারণে বাইপাস অস্ত্রোপচারের পর প্রায় ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর বাড়ি ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছিল। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ে। এরপর ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা কমতে থাকে। শরীরের অন্যান্য অঙ্গেও জটিলতা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে গলায় অস্ত্রোপচার করে শ্বাসপ্রশ্বাসের বিশেষ ব্যবস্থা করেন চিকিৎসকরা। তবুও শেষরক্ষা হল না। 

তিনি গত বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। কিন্তু বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সামজমাধ‍্যমে লিখেছেন, “উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি শুধু জনজীবনের একজন সহকর্মী ছিলেন না, বরং বহু বছরের ঘনিষ্ঠ সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসের বন্ধনে আবদ্ধ ছিলেন আমাদের দু’জনের মধ্যে। প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস পরিবারের একজন নিষ্ঠাবান সদস্য হিসেবে তিনি নিজের জীবন দল ও সর্বোপরি মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। দলের প্রতি তাঁর অবিচল আনুগত্য, নিষ্ঠা এবং বছরের পর বছর ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া তাঁকে আমাদের পরিবারের এক অমূল্য সদস্য করে তুলেছিল। তাঁর প্রয়াণ আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত ক্ষতি। এই শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়।”

সমবেদনা জানানোর পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তাঁর জীবনের শেষ কয়েক মাসে তাঁকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, যা মৃত্যুকে আরও যন্ত্রণাদায়ক করে তুলেছে। কয়েক মাস আগে তাঁর ওপর নৃশংস হামলা চালানো হয়েছিল। তাঁকে ৪৯ দিন কারাগারে বন্দি রাখা হয়েছিল। মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল।”

তিনি আরও বলেন, উজ্জ্বল চরম শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার হতে হয়েছিল। আজও আমার মনে আছে, তিনি যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং কীভাবে নির্যাতন, অপমান ও ভয় দেখানোর শিকার হয়েছিলেন, সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। শুধুমাত্র নিজের রাজনৈতিক আদর্শে অবিচল থাকা এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে অস্বীকার করার কারণেই তাঁকে এই পরিণতির মুখোমুখি হতে হয়েছিল। তাঁর কথার মধ্যে যে যন্ত্রণা ছিল, তা আমি কোনও দিন ভুলতে পারব না।”


Share