Kolkata Municipal Election

কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টের নতুন প্রস্তাব, মামলা ফের হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর নির্দেশ! আপাতত বহাল ভোটঘোষণায় স্থগিতাদেশ

একই সঙ্গে শীর্ষ আদালতের প্রস্তাব, ডিভিশন বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকুক কলকাতা পুরসভার ভোট। বুধবার এই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ০২:০৯

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা ফের কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালতের প্রস্তাব, ডিভিশন বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকুক কলকাতা পুরসভার ভোট। বুধবার এই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। ফলে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার উপর হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত বহাল থাকল। আগামী সোমবার (৩০ নভেম্বর) মামলার পরবর্তী শুনানি।

বুধবার কলকাতা পুরসভার ভোট সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। শুনানিতে প্রধান বিচারপতি জানান, মামলাটি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হবে। ওয়ার্ড পুনর্বিন্যাস এবং পুরভোটের ভবিষ্যৎ নিয়ে সেখানেই সিদ্ধান্ত হবে। আপাতত হাই কোর্টের একক বেঞ্চের দেওয়া বিতর্কিত নির্দেশের উপর স্থগিতাদেশ বহাল থাকবে। মামলায় উত্থাপিত সমস্ত আইনি ও তথ্যগত বিষয় খতিয়ে দেখে ডিভিশন বেঞ্চ নতুন করে উপযুক্ত নির্দেশ দিতে পারবে।

রাজ্যের হয়ে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্টের প্রস্তাব শোনার পর মামলাটির পরবর্তী শুনানি সোমবার করার আবেদন জানান তিনি। তুষার মেহতা বলেন, ওই দিন আদালতের প্রস্তাব নিয়ে রাজ্যের অবস্থান জানানো হবে। শীর্ষ আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছে। ফলে আগামী সোমবার ফের শুনানি এই মামলার হবে।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। অন্য দিকে, হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিলও বিধানসভায় পাশ হয়েছে। এই পুনর্বিন্যাস প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিরোধীরা আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বেআইনি বলে অভিযোগ তুলে সিপিএম নেত্রী দীপু দাস  গত ১১ সেপ্টেম্বর হাই কোর্টে মামলা করেন। একই অভিযোগে হাই কোর্টে মামলা করেছেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা মধ্য হাওড়ার বিধানসভা নির্বাচনের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। কলকাতার মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। হাওড়ার মামলাটি রয়েছে হাই কোর্টে।

গত ৬ নভেম্বর কলকাতা পুরসভার ভোট ঘোষণায় স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, একক বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।

গত সোমবার মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, হাই কোর্টে দায়ের হওয়া মামলায় কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়নি। মূল আপত্তি ছিল ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। তাঁর বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্বাধীন ভাবে কোনও সিদ্ধান্ত নেননি।

ওয়ার্ড পুনর্বিন্যাসের আগে আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল বলেও আদালতে দাবি করেন সলিসিটর জেনারেল। তাঁর বক্তব্য, রাজ্য সরকার ১০ জন আধিকারিককে এই কাজের জন্য নিয়োগ করেছিল। মোট ২৮৫টি শুনানির নোটিস পাঠানো হয়। দু’দফায় আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। পাশাপাশি সর্বদল বৈঠকও হয়েছিল। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে শুনানির সময় ওয়ার্ড পুনর্বিন্যাসে রাজ্য সরকারের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চেয়েছিলেন, কলকাতা পুরসভা ভেঙে দেওয়া হয়ে থাকলে এবং নির্বাচিত পুরসভার অস্তিত্ব না থাকলে, সেই পুরসভার কাছ থেকে ৬০১ নম্বর ধারা অনুযায়ী সুপারিশ কী ভাবে পাওয়া সম্ভব? যে সংস্থার অস্তিত্বই নেই, তার সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কী ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারে? বুধবারের শুনানিতে সেই মামলাকেই হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর প্রস্তাব দিল শীর্ষ আদালত। ফলে কলকাতা পুরভোটের ভবিষ্যৎ আপাতত আদালতের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে।


Share