Abhishek Banarjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনেও বুলডোজার! ফুটপাতের উপর থাকা অস্থায়ী শেড ভেঙে দিল কলকাতা পুরসভা, সরানো হল লোহার গেটও

ফুটপাতের উপর থাকা বাঁশের তৈরি অস্থায়ী ছাউনি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। পরে পুরকর্মীরা সেই কাঠামোর বাঁশ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে ফুটপাত পরিষ্কারের কাজ শুরু করেন। একই সঙ্গে সাংসদের বাড়ির সীমানা প্রাচীরের বাইরে বসানো লোহার গেটটিও সরিয়ে ফেলা হচ্ছে।

কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ১২:১০

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনের ফুটপাত দখলমুক্ত করতে এ বার বুলডোজার নামাল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালে পুরসভার কর্মীরা ১২১, কালীঘাট রোডে ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে পৌঁছে যায়। ফুটপাতের উপর থাকা বাঁশের তৈরি অস্থায়ী ছাউনি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। পরে পুরকর্মীরা সেই কাঠামোর বাঁশ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে ফুটপাত পরিষ্কারের কাজ শুরু করেন। একই সঙ্গে সাংসদের বাড়ির সীমানা প্রাচীরের বাইরে বসানো লোহার গেটটিও সরিয়ে ফেলা হচ্ছে। গ্যাস কাটার দিয়ে কেটে দেওয়া হয় গেটটি। অভিযোগ, ওই গেটের কারণে ফুটপাতের একাংশ দখল হয়ে ছিল। পুরসভার এই অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য এলাকায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়।

অভিষেকের বাড়ির সামনের অস্থায়ী শেড ঘিরে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছিল। অভিযোগ উঠেছিল, ফুটপাতের উপর ওই কাঠামো থাকার কারণে সাধারণ পথচারীদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। গত শুক্রবার রাতে সাংসদের জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরেও কালীঘাটে উত্তেজনা ছড়ায়। সেই সময় অস্থায়ী ছাউনির নীচে বহু মানুষের জমায়েত নজরে এসেছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশও ফুটপাত দখল নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

বুধবার সন্ধ্যাতেও পুলিশ অভিষেকের বাড়ির সামনে পৌঁছেছিল। যদিও কালীঘাট তৃণমূলের দাবি ছিল, অস্থায়ী শেড খোলার জন্যই পুলিশ সেখানে গিয়েছিল। ওই দিন অভিষেকের অফিসের কর্মীরাও কাঠামোটি খুলে ফেলার কাজ শুরু করেছিলেন। কালীঘাট তৃণমূলের মুখপাত্র অর্ক নাগ জানিয়েছিলেন, অভিষেক যখন ‘জেড প্লাস’ নিরাপত্তা পেতেন, তখন পশ্চিমবঙ্গের ডাইরেক্টরেট অফ সিকিউরিটির তরফে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বসার জন্য ওই শেড তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, পুলিশের উদ্যোগেই অস্থায়ী ছাউনিটি তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর সাংসদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়। ফলে ওই শেডের আর প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন তিনি। অভিষেকের পক্ষ থেকেই সেটি খুলে ফেলার ব্যবস্থা করা হচ্ছে বলেও দাবি করেছিলেন অর্ক।

তবে বুধবারের মধ্যে শেডটি সম্পূর্ণ সরানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে তাই পুরসভার কর্মীরা গিয়ে বুলডোজ়ার দিয়ে বাকি কাঠামো ভেঙে দেন। একই সঙ্গে ফুটপাত আটকে থাকা লোহার গেটটিও সরানোর কাজ শুরু হয়।

অন্য দিকে, এই বিতর্কের মধ্যেই বুধবার দুপুরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে অভিষেক অভিযোগ করেছিলেন, তাঁর বাড়ির সামনে গাড়ি নিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ। সব মিলিয়ে গত কয়েক দিনের রাজনৈতিক চাপানউতরের পর বৃহস্পতিবার পুরসভার অভিযানে ফুটপাত দখলমুক্ত করার কাজ সম্পন্ন হল। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এই অভিযান নিয়ে কালীঘাট তৃণমূলের তরফে নতুন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share